২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের বিদ্রোহী ঘাঁটিগুলোতে চাদের স্থল ও বিমান হামলা

চাদের স্থল ও বিমান বাহিনী সুদানের কাছাকাছি বিদ্রোহী ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছে। সুদান থেকে হামলার পাল্টা জবাবেই এই হামলা চালানো হচ্ছে। চাদের পররাষ্ট্রমন্ত্রী আহমাত আল্লাম-মি শুক্রবার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

চাদ এর আগে সীমান্ত এলাকার পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের দমন করতে বিমান ও হেলিকপ্টার হামলা চালায়। চাদ কর্তৃপক্ষ এ সপ্তাহে জানায়, গত সপ্তাহে দারফুরে সুদান সরকারের পাঠানো ‘জানজাবিদ’ জঙ্গিরা চাদের সীমানায় হামলা চালিয়ে ৬৫ জনকে হত্যা করেছে এবং দুটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আহমাত আল্লাম-মি রয়টার্সকে জানান, “আমরা গত ৪৮ ঘন্টায় সুদানের কাছে বিদ্রোহীদের অবস্থানে বোমা হামলা চালিয়েছি। কিন্তু কোনো বেসামরিক লোকজন হামলায় মারা পড়েনি। কারণ, জানজাবিদ জঙ্গিরা তাদেরকে আগেই ওইসব এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে।”

তিনি আরো বলেন, “ আমরা সুদান থেকে আমাদের ওপর হামলার প্রতিশোধ নিয়েছি।” তবে সুদান সরকার চাদে হামলার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সুদানে পাল্টা হামলায় কী ধরনের বিমান ব্যবহার করা হয়েছে আল্লাম তা নির্দিষ্ট করে বলেননি। তিনি কেবল বলেন, “জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের। এই অভিযান সেই দায়িত্ব-কর্তব্যেরই অংশ। বিদ্রোহীদের প্রশ্রয় না দেয়ার ব্যাপারে আমরা এর আগেও কয়েকবার সুদানকে সতর্ক করেছি।”

উল্লেখ্য, চাদ ও সুদান উভয়ই একে অপরের বিরুদ্ধে বিদ্রোহিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে। দুপক্ষের মধ্যে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মধ্যস্থতার চেষ্টায়ও কোনো ফল হয়নি।