গাজায় হামাস-ফাতাহ সংঘর্ষ
ফিলিস্তিনে জাতীয় ঐক্য সরকার গঠনের পরও উত্তেজনা চরমে। শুক্রবার হামাস ও ফাতাহর সংঘর্ষে কমপক্ষে দুই জঙ্গি ও এক কিশোর আহত হয়েছে। ফিলিস্তিনের কয়েকটি নিরাপত্তা সূত্র ও স্থানীয় অধিবাসীরা একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দল ও ক্ষমতাসীন হামাস ১৭ মার্চ ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করলেও দু’পক্ষে এই হানাহানি চলছে।
স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের কথায়, শুক্রবার গাজার খান ইউনিসে হামাস ও ফাতাহর বন্দুকযুদ্ধে উভয়পক্ষে কমপক্ষে একজন করে সদস্য আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে গ্রেনেড হামলায় এক কিশোর আহত হয়। হামাসের এক সদস্যের বাসায় বোমা হামলা হয়। এক হামাস সদস্য ফাতাহর একটি মসজিদে ইসলামের বাণী লেখা লিফলেট ছাড়লে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠার পর হামাস-ফাতাহ সংঘর্ষে এ পর্যন্ত গাজায় অন্ততপক্ষে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া জানান, হামাস-ফাতাহ লড়াই এবং আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য তার মন্ত্রিসভা শনিবার এক বিশেষ বৈঠকে বসবে। নতুন পরিকল্পনাটি কি সে সম্পর্কে হানিয়া বিস্তারিত কিছু বলেননি।
তিনি ফিলিস্তিন সরকারকে অর্থসাহায্যদান বন্ধ রাখার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানিয়ে তারা গাজায় উত্তেজনা বাড়াচ্ছে।
