২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন বয়কট শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করছে: রাশিয়া

ফিলিস্তিন সরকারকে বয়কট করে চলার পশ্চিমা নীতিতে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার সম্ভাবনা নস্যাৎ হচ্ছে। রাশিয়ার শীর্ষ মধ্যপ্রাচ্য কূটনীতিক অ্যালেক্সান্ডার সালতানভ শুক্রবার একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ফিলিস্তিনে গত বছর জানুয়ারীর নির্বাচনে জঙ্গি দল হামাস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমারা ফিলিস্তিন সরকারকে সরাসরি সাহায্যদান বন্ধ করে দেয়। রাশিয়া চায় অবিলম্বে এই নিষেধাজ্ঞা উঠে যাক।

এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যে ক্রেমলিনের বিশেষ প্রতিনিধি অ্যালেক্সান্ডার সালতানভ বলেন, ‘‘আমাদের দৃষ্টিতে, যেকোনো নিষেধাজ্ঞা কিংবা বিধি-নিষেধই নীতিগতভাবে ক্ষতিকারক। কারণ, এর ফলে মূলত ফিলিস্তিন জনগণই ভুক্তভোগী হয়। তারা এমনিতেই সুখে নেই, জ্বলছে ক্ষোভের আগুন। নিষেধাজ্ঞার মতো যে কোনো কিছুতেই এই ক্ষোভ, হতাশা ভয়াবহ রূপ নিতে পারে। আর এই সুযোগকে কাজে লাগাতে পারে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার বিপক্ষ শক্তি’’।

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ। পশ্চিমারা কয়েকটি শর্তসাপেক্ষে ফিলিস্তিন সরকারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছে। এগুলো হচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দেয়া, সহিংসতা পরিহার করা এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি মেনে চলা। সালতানভ মনে করেন, এসব শর্তের ভিত্তিতে হামাস সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অন্যায় করা হয়েছে।