২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রের অতিরিক্ত করারোপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

অনৈতিক সরকারি ভর্তুকি গ্রহণের অভিযোগ এনে একটি চীনা কাগজ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত করারোপের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে কোম্পানিটি। গোল্ড ইস্ট পেপার নামের কোম্পানিটি বলেছে চীনের ওপর যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য নিয়ন্ত্রণ আরোপ কৌশলের’ বলির পাঠা তারা। এ কর প্রত্যাহারের জন্য সবরকম চেষ্টা চালানোর কথাও জানিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

‘চীন সরকারের কাছ থেকে অনৈতিক সরকারি ভর্তুকি গ্রহণ করে গোল্ড ইস্ট পেপার কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে কম দামে কাগজ রপ্তানি করছে’-এ অভিযোগ এনে গত সপ্তাহে ‘কোটেড পেপার’ রপ্তানিকারক প্রতিষ্ঠানটির ওপর অতিরিক্ত করারোপ করে যুক্তরাষ্ট্র।

কিন্তু গোল্ড ইস্ট পেপার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অনুসৃত অদ্ভুৎ বাণিজ্য সংকোচন নীতির কারণেই দেশটির বাণিজ্য অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।

গোল্ড ইস্ট পেপারের মালিক চীনা বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়া পাল্প এণ্ড পেপার (এপিপি) এক বিবৃতিতে বলেছে, “বাস্তব ঘটনা বিচার না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।”

এপিপির বিবৃতিতে বলা হয়, সস্তা শ্রম, অগ্রসর প্রযুক্তি ও যন্ত্রপাতি এবং দক্ষিণপূর্ব এশিয়ার সুলভ কাঠ প্রাপ্তির কারণেই এতো প্রতিযোগিতামূলক দামে কাগজ রপ্তানি করতে পারছে কোম্পানিটি। গোল্ড ইস্ট পেপার কোম্পানিটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশে অবস্থিত।

চীনা কাগজ কোম্পানির ওপর অতিরিক্ত করারোপ করায় অন্যান্য মার্কিন কোম্পানিগুলোও এখন বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তৎপরতা শুরু করতে পারে। চীনা কোম্পানিগুলো সরকারি ভর্তুকি নেওয়ার মাধ্যমে বাণিজ্য আইন লঙ্ঘন করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন মার্কিন ব্যবসায়ীরা।

এদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। গত বছর এ ঘাটতি ছিল রেকর্ড পরিমাণ ২৩ হাজার ৩০০ কোটি ডলার। ক্রমেই বাড়তে থাকা এ ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলার জন্যই মার্কিনিরা তাদের ভাষায় ‘বাজার অর্থনীতি নয়’ এমন দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপের কৌশল গ্রহণ করছে।