বৈশ্বিক উষ্ণায়ণের প্রভাব পড়বে অনুমানের অনেক আগেই
বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে ভুগোল বদলাবে অনুমানের চেয়ে অনেক দ্রুততায়। এর ক্ষতিকর সামাজিক প্রভাবও হবে অনুরূপ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়া, এশিয়া ও আফ্রিকার খাদ্যাভাব বেড়ে যাওয়াসহ প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তির আশঙ্কা বাস্তব হয়ে যেতে পারে বিজ্ঞানীদের এতোদিনের অনুমিত সময়ের আরও আগেই।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) ব্রাসেলস বৈঠক শেষে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের প্রায় একশরও বেশি দেশের সরকারি প্রতিনিধিরা বিজ্ঞানীদের প্রতিবেদন পর্যালোচনার পর শুক্রবার এ সংক্রান্ত ২১ পৃষ্ঠার একটি খসড়া নীতিমালা অনুমোদন করেছেন।
জাতিসংঘ প্যানেলের খসড়া নীতির ব্যাপারে জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা সিএস করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বের তাপমাত্রা বাড়লে আমরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবো। পানির স্তর বেড়ে গেলে বাংলাদেশের ১৭ ভাগ জমি তলিয়ে যাবে। জনবহুল এই দেশটিতে জমির পরিমাণ আরো কমলে খুবই নেতিবাচক প্রভাব পড়বে। প্রতি বর্গ কিলোমিটারে তখন গড়ে জনসংখ্যা ১৮শ থেকে ২ হাজারে গিয়ে দাঁড়াবে।”
তিনি বলেন, “উৎপাদন, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা সবকিছুতেই প্রভাব পড়বে এবং পাল্টে যাবে। এ অবস্থা মোকাবেলায় পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে চলার নীতি অনুসরণ করতে হবে।
“মূলত শিল্পোন্নত দেশগুলোর কারণেই পৃথিবীর উত্তাপ বাড়ছে। অথচ এর ভুক্তভোগী হতে হবে বাংলাদেশকে। এ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গ্রীণ হাউস প্রভাবের ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন।”
এ বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের কোনো কর্মসূচি কিংবা পদক্ষেপ নেই। অতীতে এটা নিয়ে ভাবা না হলেও এখন বসে থাকার সময় নেই। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলার জন্য উন্নত বিশ্বের দেশগুলোর মতো সামর্থ আমাদের নেই। আমাদের আন্তর্জাতিক সাহায্য নিতে হবে। তাই কার্যকর কর্মসূচি নিয়ে এখন থেকেই অগ্রসর হওয়া প্রয়োজন।”
উন্নয়ন কর্মী ওয়ালীউজ্জামান বলেন, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের রক্ষা করা উচিত ছিল। সেটা যেহেতু আমরা করতে পারিনি তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় প্রস্তুতি নিতে হবে। এজন্য এখনই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ শুরু করা জরুরি। পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য দেশব্যাপী ব্যাপক সতর্কতামূলক প্রচারণা প্রয়োজন। জনগণকে সচেতন করতে হবে যাতে তারা আতঙ্কিত না হয়ে পরিবর্তিত পরিস্থিতিকে মানিয়ে চলার প্রস্তুতি নিতে পারে।
তিনি বলেন,“আমাদের উপকূল ব্যাপক হুমকির মুখে। ক্রমাগত পানির স্তর বাড়ছে। জলোচ্ছ্বাস এবং ঢেউয়ের আঘাতে উপকূলীয় জমি বিলীন হয়ে যাওয়ায় সম্পদ এবং জীবনহানি ঘটছে। পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে প্রস্তুত করতে হবে। এজন্য জনসচেতনতা বাড়িয়ে দুর্যোগ মোকাবেলার জন্য তাদের প্রস্তুত করতে হবে।”
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ জলবায়ু প্যানেলের আড়াই হাজার বিজ্ঞানীর প্রতিবেদনটি নিয়ে দীর্ঘ বিতর্কে জড়িয়ে পড়েন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের আশঙ্কামূলক প্রতিবেদনকে নমনীয়ভাবে প্রকাশ করার চেষ্টা চালায় প্রভাবশালী কয়েকাট দেশ। জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিষয়টিকে নমনীয় করতে চাপ প্রয়োগ করে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
জাতিসংঘ প্যানেল আইপিসিসির চেয়ারপার্সন রাজেন্দ্র পাচোড়ি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, “এখন আমাদের হাতে একটি অনুমোদিত প্রতিবেদন আছে।”
খসড়া নীতিমালা অনুমোদন নিয়ে দেশগুলোর মতপার্থক্য সম্পর্কে প্রতিবেদনটির অন্যতম রচয়িতা গ্যারি যোহে বলেছেন, “সংঘাত খুব কঠিন শব্দ, উত্তেজনা এর চেয়ে অনেক ভাল। আমি দ্বিতীয় শব্দটিই ব্যবহার করতে চাই।”
কিছু বিষয়ে খসড়া প্রস্তাবনা থেকে অনেক দূরে সরে এলেও আফ্রিকা ইস্যুসহ অন্য অনেক বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এ চুক্তিতে। এর ফলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ থেকে ১০ ভাগ পর্যন্ত ব্যয় করতে হবে আফ্রিকার কোনো কোনো দেশকে।
বিশ্বে কয়েকশ কোটি মানুষের পানীয় জলের অভাব, বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি এবং ক্রমাগতভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া নিয়ে মারাত্মক আশঙ্কার কথা বলা হয়েছে এ প্রতিবেদনে। মানুষের কর্মকাণ্ডের ফলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বলা হয়েছে এতে।
জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মকভাবে কমে যেতে পারে আফ্রিকার শস্য উৎপাদন, হিমালয়ের হিমবাহে ঘটতে পারে বড় আকারের ক্ষয়। তাছাড়া ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে তাপদাহ বেড়ে যেতে পারে অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের অবশ্যম্ভাবী ফল হিসেবে এসব আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রাণের বিলুপ্তি সম্পর্কে অত্যন্ত আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে এ প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিশ্বের গড় তাপমাত্রা যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে প্রায় ২০ থেকে ৩০ ভাগ উদ্ভিদ ও প্রাণীরই বিলুপ্তির আশঙ্কা সৃষ্টি হবে।
বিশ্বের উষ্ণতা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ে যে কোনো বিতর্ক থাকতে পারে না এ বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবেই উঠে এসেছে এ প্রতিবেদনে।
২০০৬ সালে বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ নিকোলাস স্টার্ন বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে আনার লড়াই করা অনেক ত্যাগসাপেক্ষ হলেও এজন্য এখনই কাজ চালিয়ে যাওয়া পরবর্তী প্রভাব মোকাবেলার চেয়ে অনেক সহজ হবে। কিন্তু যুক্তরাষ্ট্র, চীন এবং সৌদি আরবসহ কয়েকটি দেশ বিষয়টিকে প্রতিবেদনে উল্লেখ করার বিরোধিতা করেছে। অন্যদিকে ইউরোপীয় কমিশন, ব্রিটেন ও অস্ট্রিয়া স্টার্নের গবেষণা সম্পর্কে আলোকপাত করার পক্ষে মত দিয়েছে।
