বিবিসির সাংবাদিকের মুক্তি নিয়ে হানিয়ার সঙ্গে ব্রিটিশ কূটনীতিবিদের আলোচনা
গাজায় অপহৃত বিবিসির সাংবাদিক অ্যালান জনস্টোনের মুক্তির ব্যাপারে বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে প্রথমবারের মতো আলোচনা করেছেন এক ব্রিটিশ কূটনীতিক।
এটাই হলো উভয় পক্ষের মধ্যে প্রথম আলোচনা। গত বছর ইসলামি জঙ্গিগোষ্ঠী হামাস ক্ষমতায় আসার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফিলিস্তিন সরকারকে বয়কট করে।
এক ব্রিটিশ কূটনীতিক জানান, হানিয়ার গাজা কার্যালয়ে জেরুজালেমে ব্রিটিশ কনসাল-জেনারেল রিচার্ড মেকপিস ‘শুধু অপহরণ নিয়ে আলোচনা’ করেন এবং সে আলোচনায় হামাসকে বয়কট করা সংক্রান্ত ইইউ নীতির বিচ্যুতি হয়নি।
মার্চের ১২ তারিখে নিজ কার্যালয় থেকে ফেরার পথে অপহৃত হন বিবিসির সাংবাদিক অ্যালান জনস্টোন। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি।
জনস্টোনই সম্ভবত একমাত্র পশ্চিমা সাংবাদিক যিনি অপহৃত হওয়ার আগ পর্যন্ত বিবিসির সার্বক্ষণিক সংবাদদাতা হিসেবে গাজায় কর্মরত ছিলেন। ২০০৬ সালে সারা বছর ধরে বহু সাংবাদিক ও ত্রাণকর্মী অপহৃত হওয়া সত্ত্বেও জনস্টোন গাজা ছেড়ে যাননি। তবে অপহৃতদের সবাইকে কয়েকদিন পরই অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়।
তবে জনস্টোনের পরিণতি এখনও অজ্ঞাত। ফিলিস্তিন সরকার তাকে খুঁজে বের করার শপথ নিলেও তার পরিণতি সম্পর্কে এখনও কিছুই জানাতে পারেনি।
গাজা উপত্যকায় অপহৃত কোনো সাংবাদিককে এতোদিন অন্তরীণ রাখা হয়নি।
