তৃতীয় বিশ্বকে নিঃস্ব করেছে ধনী দেশগুলো: পোপ
ক্ষমতা ও মুনাফার লোভে অন্ধ ধনী দেশগুলো আফ্রিকাসহ অন্যান্য দরিদ্র অঞ্চলকে নির্দয়ভাবে লুটপাট করে তাদের নিঃস্ব করে রেখে গেছে। আর এভাবেই ‘ঈশ্বরহীন এক পৃথিবীর নৈরাশ্য’ সঞ্চারিত হয়েছে সেখানে। পোপ ষোড়শ বেনেডিক্ট তার প্রথম বইয়ে লিখেছেন এসব কথা। ১৬ এপ্রিল তার ৮০তম জন্মদিনে বইটি প্রকাশিত হচ্ছে।
পোপ বেনেডিক্টের প্রকাশিতব্য এ বইটির অংশবিশেষ বুধবার প্রকাশ করেছে ইতালীয় ‘করেইরা ডে লা সেরা’ পত্রিকা। এ লেখায় মাদক পাচার এবং যৌন পর্যটনের মতো বিষয়ের বিস্তারের নিন্দা জানিয়ে পোপ বলেন, “এসব বেড়ে যাওয়ার অর্থ হল ‘অন্তঃসার শূন্য মানুষে’ ভরে গেছে সমাজ।”
৪০০ পৃষ্ঠার এ বইটির নাম ‘নাজারেথের যীশু’ (জিসাস অফ নাজারেথ)। বইয়ে যীশুর হিতোপদেশের ‘পরোপকারী’ ব্যক্তির উদাহরণ দিয়ে আধুনিক সমাজে ‘হিতোপদেশের’ প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন পোপ।
পোপ লিখেছেন, বর্তমান সময়েও যীশুর হিতোপদেশের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। তিনি বলেন, “আমরা যদি এখনকার বিশ্বায়িত সমাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাব যে, কীভাবে আফ্রিকার জনগণকে লুট করে নিঃস্ব বানিয়ে রাখা হয়েছে। আর বিষয়টির প্রতি আমরা কতো উদাসীন।”
আফ্রিকার জনগনের চরম দুর্দশার সঙ্গে উন্নত দেশগুলোর মানুষদের জীবনমানের একটি প্রত্যক্ষ যোগসূত্র ব্যাখ্যা করেছেন পোপ। তিনি লিখেছেন, “ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, জীবনমানের উন্নয়ন ঘটাতে আমরা তাদের কীভাবে ন্যাংটো করে ফেলেছি এবং এখনও তা করে চলেছি।”
পোপ আরও লিখেছেন, “যীশুর মধ্য দিয়ে যে ঈশ্বরকে আমরা চিনি, তাদেরকে সে ঈশ্বরের সংস্পর্শে না এনে, আফ্রিকার জনগণের মহান আর দারুণ সব ঐতিহ্য বরণ না করে আমরা তাদেরকে এক নৈরাশ্য আর ঈশ্বরহীন পৃথিবী উপহার দিয়েছি, যেখানে শক্তি আর মুনাফাই শেষ কথা।”
