উষ্ণায়ন নিয়ে উদ্বিগ্ন বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ
বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে উদ্বিগ্ন বিশ্বের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ। অথচ উষ্ণায়নের জন্য দায়ি গ্রিনহাউস গ্যাস নির্গমন সবচেয়ে বেশি হয় যেদেশে, সেই খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকদেরই এ নিয়ে তেমন মাথাব্যাথা নেই। মঙ্গলবার এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
বিবিসি ওয়ার্ল্ড টেলিভিশনের হয়ে ‘সিনোভেট রিসার্চ গ্রুপ’ ২১টি দেশের ১৪ হাজার মানুষের ওপর এই জরিপ চালায়। এতে দেখা যায়, বিশ্বব্যাপী বেশিরভাগ উত্তরদাতাই অন্যান্য দেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বেশি দোষারোপ করেছেন।
জরিপে আরও দেখা গেছে, বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি (৬৮ শতাংশ) মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকায় এই হার ৮২ শতাংশ, ব্রাজিলে তা ৮৭ শতাংশ। এ নিয়ে সবচেয়ে কম উদ্বেগ লক্ষ্য করা গেছে মার্কিনিদের মধ্যে, মাত্র ৫৭ শতাংশ। মার্কিনিদের থেকে সামান্য এগিয়ে আছে ভারতীয়রা, ৫৯ শতাংশ।
বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে বিশ্বে তাপমাত্রা বাড়ছে। ফলে বন্যা, খরা, দাবদাহ এবং সমুদ্রস্তর বেড়ে যাওয়ার মতো নানা ঝুঁকি সৃষ্টি হচ্ছে। জরিপে সবক্ষেত্রেই দুই-তৃতীয়াংশ উত্তরদাতা উষ্ণায়নের জন্য অন্য যেকোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রকে বেশি দায়ি করেছেন। কেবল যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচ জনের চারজন নাগরিক মনে করেন, এ ব্যাপারে কোনো দেশকেই দায়ি করা উচিত নয়।
অথচ যুক্তরাষ্ট্রেই গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। প্রতি বছর সেদেশে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ ২০ টন। অন্যদিকে, অন্যান্য দেশ মিলে বিশ্বে গড়ে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ গড়ে চার টনেরও কম।
