ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের তৎপরতা বেড়েছে: যুক্তরাষ্ট্র
ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরান মদদ যুগিয়ে চলছে বলে পুনরায় অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, এ সংক্রান্ত আরও প্রমাণ ওয়াশিংটনের হাতে এসেছে।
মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী জিম জেফরি মঙ্গলবার রয়টার্সকে সাক্ষাৎকারে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের পরিমাণ বেড়েছে।”
তিনি বলেন, “গোপন এলাকা থেকে আমাদের সেনাদের ওপর গোলাবর্ষণ হচ্ছে। আর এটা হচ্ছে, ইরানের প্রশিক্ষণ এবং অস্ত্র সহযোগিতার কারণে।”
গত কয়েক মাসে ইরানের তৈরি রকেট এবং অন্যান্য আধুনিক অস্ত্র ইরাকে প্রবেশ করেছে বলে দাবি করেন তিনি। তবে তিনি এর পরিমাণ তিনি উল্লেখ করেননি।
জিম জেফরি জানান, ইরাকে তারা বিভিন্ন ক্যালিবারের মর্টার, রকেট ও আধুনিক মারণাস্ত্রও পেয়েছেন।
তিনি আরও দাবি করেন, গত জানুয়ারিতে আরবিল শহরে আটক পাঁচ ইরানি রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর সদস্য। তারা ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর জন্য বিস্ফোরক সরবরাহ করত বলে তার সন্দেহ।
তিনি বলেন, “তারা কিভাবে বিষয়টির সাথে যুক্ত তা এ মুহূর্তে স্পষ্ট নয়। আমরা এখনও এ বিষয়ে তদন্ত চালাচ্ছি। তবে এটা নিশ্চিত, তারা নিশ্চিতভাবেই রেভ্যুলেশনারি গার্ডের কর্মকর্তা। এ কারণেই প্রশ্ন উঠেছে, তারা আরবিলে কী করছিল।”
গত মাসে বাগদাদে অনুষ্ঠিত এক বৈঠকে ইরাকের অভ্যন্তরে সহিংসতায় মদদদান বন্ধ কনান জন্য ইরানের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
ইরান তখন ওই অভিযোগ অস্বীকার করে আটক পাঁচ নাগরিকের মুক্তির দাবি জানায়।
