কাতারে নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ
কাতারের মন্ত্রিসভার পুনর্বিন্যাসের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল-থানি।
কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন খলিফা আল-থানির পদত্যাগপত্র গ্রহণের পর একটি ডিক্রি জারির মাধ্যমে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি একটি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন।
শেখ হামাদ মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল আতিয়াহ কাতারের জ্বালানিমন্ত্রীর পদ ধরে রেখেছেন। নতুন মন্ত্রিসভায় তিনি উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও কোনো পরিবর্তন ঘটেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বেশ কিছুদিন সরকারে কোনো পরিবর্তন না হওয়ায় মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয়েছে। তিনি রাজনীতির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, এই রদবদলের ফলে কাতারে অধিকতর গণতন্ত্র ও উন্নয়ন সূচিত হবে।
১৯৯০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে কাতারের বর্তমান আমির তার বাবার কাছ থেকে গ্রহণ করেন। তারপর থেকে তিনি সংবিধান পরিবর্তন করে দেশে পৌর নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন। কাতারের আমির এ বছর আশিংকভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের কথা দিয়েছেন।
সাবেক বিচারমন্ত্রী নাজিব মোহাম্মদ আল নাঈমি বলেন, “উপসাগরীয় অঞ্চলের ধারা অনুসারে শুধুই কিছু কর্মকর্তা নিয়োগ বা প্রধানমন্ত্রী নিয়োগের চেয়ে রাজনীতিতে আরও গতিশীলতা আনতে চায় কাতার।”
তিনি আরও বলেন, “পররাষ্ট্রমন্ত্রী স্বাভাবিকভাবেই পছন্দের শীর্ষে ছিলেন। কারণ, তিনি কিছুদিন উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক পরিবেশ থেকে এসেছেন।”
কাতার যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ সহযোগী দেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেখানে অবস্থিত। ইসরায়েলের সঙ্গে কাতারের গভীর সম্পর্ক না থাকলেও ফিলিস্তিনের ইসলামী দল হামাসের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
