২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি স্থাপনে সোমালিয়ার ওপর চাপ বাড়ছে

মোগাদিসুতে সাম্প্রতিক যুদ্ধে ৪০০ জন সাধারণ নাগরিকের মৃত্য এবং আরও ৭০০ জনের আহতের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার দেশগুলো মঙ্গলবার শান্তি স্থাপনের জন্য সোমালিয়ার ওপর চাপ দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 08:57 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমালিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনার জন্য কায়রোয় আন্তর্জাতিক মহলের কূটনীতিবিদরা আলোচনায় বসেন।

সাহায্য সংস্থাগুলোর আশংকা, গত ১৫ বছরের মধ্যে রোববার শেষ হওয়া সবচেয়ে সহিংস যুদ্ধে ধ্বংসস্তুপের মধ্যে আরও মৃতদেহ পাওয়া যাবে।

সোমালিয়ার সরকারি বাহিনী এবং তাদের ইথিয়পীয় মিত্ররা যোদ্ধাদের সংবাদদাতাদেরও মেরে ফেলছে। যুদ্ধ চলাকালে আবাসিক এলাকাগুলোতেও ব্যবহৃত হচ্ছে ভারি অস্ত্র।

হাওই গোত্রের মুখপাত্র আহমেদ দিরাই জানান, যুদ্ধবাজ ইথিওপীয় নেতাদের সঙ্গে তাদের নেতৃবৃন্দের আলোচনার ফলে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মোগাদিসুতে অস্ত্র বিরতি চলছে।

তবে দুই পক্ষের যোদ্ধারাই শহরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং যেকোনো সময় আবারও যুদ্ধ শুরু হওয়ার আশংকা রয়েছে।

স্থানীয় এলমান পিস এবং মানবাধিকার সংস্থার মতে, রোববারের শেষ হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৩৮১ জন সাধারণ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৫৬৫ জন।

রেডক্রসের আন্তর্জাতিক কমিটি মোগাদিসু শহরের তিনটি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায়, যুদ্ধে আহতের সংখ্যা ৭০০ জন।

এলমানের চেয়ারম্যান সুদান আলী আহমেদ রয়টার্সকে বলেন, “ধ্বংসস্তুপ থেকে এখনও অনেক মৃতদেহ এবং আহতদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

ইথিওপিয়া জানায়, বিচ্ছিন্নতায় মদদ দানকারী গোত্র ও ইসলামী জঙ্গি গ্রুপের ২০০ জনকে হত্যা করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকার কর্মীদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতির আহ্বান জানায়। ইইউ সাহায্য বিভাগের প্রধান লুই মিশেল এবং পররাষ্ট্র বিভাগের প্রধান হাভিয়ার সোলানা এক যৌথ বিৃতিতে বলেন, “মোগাদিসুর সহিংসতায় মানবাধিকার এবং জনবসতিপূর্ণ এলাকায় ভারি বোমা বর্ষণের বিষয়ে আমরা বিশেষভাবে চিন্তিত।”

গত দশ দিনে ৫০ হাজার মানুষ মোগাদিসু ছেড়ে অন্যত্র চলে গেছে। জাতিসংঘের হিসাব মতে, গত ফেব্রুয়ারি থেকে শহর ছাড়া লোকের সংখ্যা এক লাখ যা মোগাদিসুর মোট জনসংখ্যার এক-দশমাংশ।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বর্তমান অবস্থাকে ১৯৯১ সালে সোমলিয়ার একনায়ক মোহাম্মদ সিয়াদ বারের ১৫ বছর পর ক্ষমতা ছাড়ার অবস্থার সঙ্গে তুলনা করেছে।

ইউএনএইচসিআর জানায়, রাজধানীর বাইরে উদ্বাস্তুরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। উদ্বাস্তুদের আশ্রয়ের জন্য তাদের কাছ থেকে ভাড়া পর্যন্ত আদায় করা হচ্ছে।

আরব লীগের মহাসচিব আমর মূসা কায়রোর বৈঠকে ইসলামী জঙ্গিদের ইংগিত করে বলেন, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো সমঝোতা স্থাপন এবং এক্ষেত্রে যারা সহিংস পন্থা অবলম্বন করে তাদের সঙ্গে নেওয়া উচিত নয়।

সোমালি বিশেষজ্ঞরা আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় সমঝোতা বৈঠকের ব্যাপারে তেমন আশাবাদী নন। যদিও ১৬ এপ্রিলের মধ্যে সরকারি বাহিনীর রাজধানীর নিয়ন্ত্রণ লাভের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। একজন কূটনীতিবিদ বলেন, “বাস্তবতা হলো, সোমালিয়ার সহিংসতা নিয়ে আর্ন্তজাতিক মহলের তেমন আগ্রহ নেই।”

আফ্রিকান ইউনিয়নের (এইউ) পরিকল্পনাধীন শান্তিরক্ষী বাহিনীর ১২০০ জন উগান্ডার সৈনিক সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং অনুপ্রবেশকারীদের আক্রমণের শিকার হয়।

উগান্ডার নেতা ইওয়েরি মুসেভেনির সঙ্গে সাক্ষাত শেষে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইআস আফওয়েরকি বলেন, কাম্পালার সেনাদের সরিয়ে আনা উচিত।

তাকে উদ্ধৃত করে ইরিত্রিয়ার সরকারি ওয়েব সাইট জানায়, “সেনা পাঠানোর আগে উগান্ডা সরকার যে বিষয়গুলো ভেবে দেখেনি তা নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।”

ইথিওপিয়ার শত্রু দেশ ইরিত্রিয়া অবশ্য ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।