২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌসেনাদের মুক্তিতে কূটনৈতিক পন্থা অবলম্বনের পথ খোলা: ব্লেয়ার

ইরাকে আটক ব্রিটিশ নৌসেনাদের মুক্তির জন্য তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মঙ্গলবার তিনি বলেছেন, “সমস্যা সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বনের পথ খোলাই আছে।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

স্কটল্যান্ডের একটি রেডিও স্টেশনে দেওয়া বক্তব্যে টনি ব্লেয়ার বলেন, “আগামী ৪৮ ঘণ্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এনিয়ে আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেনাদের নিরাপদে ও অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনা।”

নৌসেনাদের মুক্তি নিয়ে মঙ্গলবারই প্রথম ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালো যুক্তরাজ্য। এর আগে ইরান বলে আসছিল, বিষয়টি সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার বিকল্প নেই।

সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানি একই প্রস্তাব দিলে তাতে যুক্তরাজ্যের সাড়া মেলায় ১২ দিনের অচলাবস্থা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা গেল। এর ফলে মঙ্গলবার বিশ্ববাজারে বেড়ে যাওয়া তেলের দাম এক দফা কমে আসে। এনিয়ে উত্তেজনা বৃদ্ধির কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বেড়ে গিয়েছিল।

গত ২৩ মার্চ ইরান তার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পারস্য উপসাগর থেকে যুক্তরাজ্যের ১৫ নৌসেনাকে আটক করে।

যুক্তরাজ্য দাবি করে আসছে, আটক নৌসেনারা ইরাকি জলসীমায় ছিল। আর এটাই বিরোধের কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের অভিমত, ইরান এবং ইরাকের জলসীমা স্পষ্ট চিহ্নিত না থাকায় উভয় পক্ষই অসম্মতি প্রকাশের সুযোগ পাচ্ছে।

যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সীমানা গবেষণা কেন্দ্রের প্রধান মার্টিন প্রাট বলেন, “এটা নিশ্চিতভাবেই মীমাংসা অযোগ্য কোনো বিরোধ নয়। যেহেতু জলসীমা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাই কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সেটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে।”

বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের কট্টর পশ্চিমাবিরোধী মনোভাবের কারণে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিরসন বাধাগ্রস্ত হতে পারে।

তারা বলছেন, দেশটির রেভ্যুলেশনারি গার্ড এ সুযোগে যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করছে।

কয়েকজন বিশ্লেষকের মতে, লারিজানি এ বিরোধ শান্ত করার প্রচেষ্টা করছেন, কারণ দেশটির প্রধান পরমাণু আলোচক হিসেবে তার কাজ আরও কঠিন করে দিয়েছে এ ঘটনা।