নির্বাচন কমিশনের পক্ষে রায় দিল নাইজেরিয়ার আদালত
নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তালিকা থেকে ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকরের নাম বাদ দেওয়া নিয়ে বিতর্কে নির্বাচন কমিশনের পক্ষে রায় দিয়েছে সেদেশের আদালত।
মঙ্গলবার এক এক রায়ে আদালত জনিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে চূড়ান্ত তালিকা থেকে যে কারো নাম বাদ দেওয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের।
আবুবকরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। সে সিদ্ধান্ত অনুযায়ী এ মাসের শেষে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে আবু বকরের নাম ও প্রতীক ছাপা হবে না বলেও জানানো হয়। দেশটির বিরোধী দল অ্যাকশন কংগ্রেস পার্টি থেকে নির্বাচন করার কথা আবুবকরের।
আপিল আদালতের রায়ে বলা হয়, “যে কোনো প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার এবং তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের। আদালতের কাছে বিষয়টি না পাঠিয়ে নিজেদেরই তা করার অধিকার তাদের রয়েছে।”
আবুবকরের আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা।
আবুবকর বলেছেন, তার বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনকে সামনে রেখে দেশে গণতন্ত্র নস্যাত করতেই এ চক্রান্ত করা হয়েছে।
