ইরানে সাবেক মার্কিন গোয়েন্দা নিখোঁজ
যুক্তরাষ্ট্র দাবি করেছে, সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক সাবেক কর্মী ইরানে নিখোঁজ হয়েছেন। তার খবরাখবর জানানোর জন্য সোমবার ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাকরম্যাক বলেন, “নিখোঁজ মার্কিন নাগরিকের পরিবার ও কর্মস্থল এ খবর জানালে বিষয়টি খতিয়ে দেখার জন্য সুইজারল্যান্ডের কূটনীতিবিদের মাধ্যমে ইরানের প্রতি আহ্বান জানানো হয়।”
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকাই এ ব্যবস্থা নেওয়ার কারণ।
শন ম্যাকরম্যাক জানান, নিখোঁজ ব্যক্তি ব্যক্তিগত কারণেই ইরান যান এবং তার সফরের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
বলা হচ্ছে, নিখোঁজ সাবেক গোয়েন্দা মধ্যবয়সী এবং তিনি পারস্য উপসাগরীয় কিশ এলাকায় গিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ১১ মার্চ ওই ঘটনাটি দপ্তরের গোচরে আসে। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে স্বীকার করা না হলেও পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে জানানো হয়েছে।
শন ম্যাককরম্যাক বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে তার কোনো খবরাখবর পাইনি।”
এর সঙ্গে ইরানে যুক্তরাজ্যের নৌসেনা আটকের ঘটনার কোনো সংযোগ নেই বলে দাবি করেন ম্যাককরম্যাক।
এদিকে এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, “নিখোঁজ ব্যক্তির সঙ্গে এখন আর এফবিআইয়ের সংশ্লিষ্টতা নেই। ফলে এ ঘটনাকে সাধারণ মার্কিন নাগরিক নিখোঁজের ঘটনার মতো দেখতে কোনো বাধা নেই।”
সংস্থাটি আরও জানায়, প্রায় এক যুগ আগে ওই ব্যক্তি এফবিআইতে কাজ করত। তবে তার কাজের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ ছিল না।
