২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ফিরে পেতে লড়াই চালিয়ে যাবে আর্জেন্টিনা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ফিরে পেতে লড়াই চালিয়ে যাবে আর্জেন্টিনা। সোমবার সেদেশের ভাইস প্রেসিডেন্ট দানিয়েল স্কিওলি এ ঘোষণা দিয়েছেন। ১৯৮২ সালে যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ হারায় আর্জেন্টিনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

যুদ্ধ শুরুর বার্ষিকীতে সোমবার আর্জেন্টিনা তথা বিশ্বের সর্ব দক্ষিণের শহর উশুয়াইয়ায় সমাবেশ করে আর্জেন্টাইনরা। ২৫ বছর আগের ওই যুদ্ধে অংশ নেওয়া অনেক সৈনিকও ছিলেন সেখানে।

সে সমাবেশে দানিয়েল স্কিওলি বলেন, “মালভিনাসরা আর্জেন্টিনার জনগণ। তারা আর্জেন্টাইন ছিল এবং তাই থাকবে।”

ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে স্থানীয়ভাবে লাস মালভিনাস বলেই ডাকা হয়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা মেনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট।

সমাবেশে অংশ নেওয়া আর্জেন্টাইনরা স্লোগান দেন-“আমরা আবার ফিরব”। যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ অনেকে ফুল ভাসিয়ে দেন সাগরে।

দশ সপ্তাহব্যাপী ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনার ৬৫০ ও যুক্তরাজ্যের ২৫৫ সেনা প্রাণ হারায়।

প্রেসিডেন্ট নেস্তর কার্শনার ক্ষমতায় আসার পর ফকল্যান্ড দ্বীপ ফিরে পেতে জোর তৎপরতা শুরু করে আর্জেন্টিনা।

তবে যুক্তরাজ্য এ নিয়ে আলোচনায় আগ্রহী নয়। তারা বলে আসছে, দ্বীপের দুই হাজার ৯০০ অধিবাসী যদি চায়, তবেই তারা এ ধরনের আলোচনায় অংশ নেবে।