গাজা সীমান্তের ভেতরে আবারও তৎপরতা চালাবে ইসরায়েলি সেনারা
ফিলিস্তিন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাজা সীমান্তের ভেতরে সীমিত পরিসরে তৎপরতা চালাবে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেৎস সেনাদের এ কর্তৃত্বে অনুমোদন দিয়েছেন বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে।
পেরেৎস সাংবাদিকদের বলেন, “ইসরায়েল গাজায় জঙ্গিদের শক্তিশালী ও অস্ত্রধারী হয়ে উঠতে দেবে না।”
গাজার কাছে এক সেনা ঘাঁটি পরিদর্শনকালে তিনি জানান, রকেট হামলাকারীদের ফিলিস্তিনিদের ঠেকাতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় বড় ধরনের সেনা অভিযানের সম্ভাবনা একেবারেই বাতিল করে দেননি।
ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ইসলামি জঙ্গি গ্রুপ হামাসের সশস্ত্র যোদ্ধারা গাজায় সুড়ঙ্গ খুঁড়ছে এবং সম্ভাব্য সংঘাতে যেতে নিজেদের রকেটসম্ভার বাড়াচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, মন্ত্রী গাজা সীমান্তে কিছু দূর পর্যন্ত ইসরায়েলি সেনাদের তৎপরতা চালানোর অনুমোদন দিয়েছেন যাতে ফিলিস্তিন জঙ্গিরা সুড়ঙ্গ খুঁড়তে এবং বিস্ফোরক পুতে রাখতে এলে তাদের নিরস্ত্র করা যায়।
২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়। পেরেৎসের সাম্প্রতিক নির্দেশ কার্যকর হলে ওই সময়ের পর থেকে সেখানে আবারও সেনাদের তৎপরতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।
যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা থেকে নিকটস্থ ইহুদি বসতিতে প্রায়ই মর্টার হামলার ঘটনা ঘটে থাকে। ইসরায়েল বলছে, তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। তবে গত সপ্তাহে তারা পাল্টা হামলা চালায়।
