ব্রিটিশ নৌ-সেনাদের ক্ষমা চাওয়ার আরও ছবি দেখাল ইরান
ইরানের টেলিভিশনে রোববার আবারও আটক ব্রিটিশ নৌ-সেনাদের ক্ষমা চাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। টিভির ওই ভিডিও ফুটেজে দেখানো হয় সামরিক পোশাক পরা দুই ব্রিটিশ সেনা উপসাগরের একটি মানচিত্রে আটক হওয়ার সময় তাদের নৌযানের অবস্থান দেখাচ্ছেন। তারা বলছেন যে ইরানের জলসীমায় প্রবেশের পরই তাদের আটক করা হয়েছে। এদিকে, আটক নাবিকদের মুক্তির জন্য ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ব্রিটিশ কর্মকর্তারা।
রাষ্ট্র নিয়ন্ত্রিত আল আলম টেলিভিশনে দেখানো হয়, সামরিক পোশাক পড়া দুজন নৌ-সেনা উপসাগরের বিশালাকৃতির মানচিত্রের সামনে দাঁড়িয়ে আটক করার সময় তাদের নৌযানের অবস্থান কোথায় ছিলো তা দেখাচ্ছেন।
এই মানচিত্রে ইরাক এবং ইরানের জলসীমা নির্ধারক শাত-ইল-আরবের মোহনায় বিভিন্ন জলযানের অবস্থান চিহ্নিত করা ছিলো এবং ইংরেজিতে লেখা ছিলো “ যে স্থান থেকে জলযানটি আটক করা হয়।”
ক্যাপ্টেন ক্রিস এয়ার আন্তর্জাতিক সম্প্রচারের জন্য দেখানো এই ভিডিও ফুটেজে বলেছেন “আনুমানিক সকাল দশটায় আমাদের আটক করা হয়, তাদের মানচিত্র অনুসারে সম্ভবত এই স্থানে এবং তাদের দেওয়া জিপিএস অনুসারে এটা ইরানের নিজস্ব জলসীমার ভেতরে অবস্থিত।”
“এখন পর্যন্ত তারা আমাদের সঙ্গে চমৎকার ব্যবহার করেছে। তারা আমাদের দেখা শোনা করেছে তারা আমাদের যথেষ্ট খাদ্য সরবরাহ করেছে। আমাদের সঙ্গে চমৎকার ব্যবহার করার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি।”
দ্বিতীয় ব্রিটিশ সেনা বলেছে “ আমি লেফটেন্যান্ট ফেলিক্স কারমেন, আমি ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাই আমি বুঝতে পারছি কেন আপনাদের জলসীমায় আমাদের অবৈধ অনুপ্রবেশে আপনারা এত ক্ষিপ্ত”
লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপত্র বলেছেন “ আমি আবারও জোর দিয়ে বলতে চাই এই ভিডিও ফুটেজের প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-এর ফলে সেনাদের পরিবারের উপর চাপ সৃষ্টি হবে।”
“আমাদের সেনারা কোথায় ছিলো এ বিষয়ে কোনো সংশয় নেই। তারা ইরাকের জলসীমায় ছিলো।”
রোববার প্রচারিত এই ভিডিও কবে কোথায় ধারণ করা হয়েছিলো সে বিষয়টি পরিষ্কার নয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেস ব্রাউনে এর আগে জানিয়েছিলেন আটকদের মুক্তির কুটনৈতিক প্রচেষ্টা চলছে।
“যত শিগগির সম্ভব কূটনৈতিক প্রক্রিয়ায় এই সমস্যা সমাধানের জন্য আমরা উদ্বিগ্ন’’ বিবিসি টেলিভিশনকে এক সাক্ষাতকারে জানিয়েছেন ব্রাউনে।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র জানিয়েছেন ইরানের সাথে কোনো রকম কূটনৈতিক যোগাযোগ স্থাপিত হয়নি তবে ইরানকে পাঠানো কূটনৈতিক প্রস্তাবের উত্তরের অপেক্ষায় আছেন তারা।
এদিকে রোববার ইরানের ব্রিটিশ দূতাবাসের বাইরে আনুমানিক ২০০ জন বিক্ষোভকারী শ্লোগান দিচ্ছিলো “ব্রিটিশদের মৃত্যু হোক! ব্রিটিশদের মৃত্যু হোক!”
বিক্ষোভকারীরা দূতাবাস চত্ত্বরে আতশবাজি ছুড়ে মারে তবে সশব্দে ফেটে যাওয়া এই আতশবাজীগুলোর আঘাতে কেউ হতাহত হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ গত শনিবার বলেছিলেন ইরান যুক্তরাজ্যের নৌ-সেনাদের জিম্মি করে রেখেছে। এ মন্তব্যে ইরান প্রতিবাদমুখর হয়ে উঠে।
এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র মোহাম্মদ আলী হোসেনী বলেছেন “যুক্তরাজ্যের সমর্থনে করা যুক্তরাষ্ট্রের যেকোনো মন্তব্য পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। তাই অবিবেচক এবং অযৌক্তিক মন্তব্য করা থেকে বিরত থাকাটাই মার্কিন প্রেসিডেন্টের জন্য বিবেচকের কাজ হবে।”
