ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া তরান্বিত করতে মার্কেলের উদ্যোগ
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি তরান্বিত করার উদ্যোগ নিয়েছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। এ লক্ষ্যে ইসরায়েল-ফিলিস্তিন নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা রোববারই। তবে ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকারের কোনো সদস্যের সঙ্গে তার বৈঠক করার পরিকল্পনা নেই। মার্কেলের সহযোগীরা একথা জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান হিসেবে ২৭ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী এঞ্জেলা মার্কেল এর আগে শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠক করেন। রোববার সকালে তিনি বৈঠক করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে। এদিনই শেষ বিকালে রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা। এরপর ওলমার্টের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য তিনি আবার জেরুজালেমে ফিরে যাবেন।
মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় কোয়াট্রেট গঠন করেছে। কোয়াট্রেটের সদস্যরা হলো-জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এই চতুষ্টয়ের দাবি, ফিলিস্তিন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিক এবং সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করুক। শনিবার জর্ডান সফরকালেই মার্কেল ফিলিস্তিন কোয়ালিশন সরকারকে এ দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
এদিকে, নতুন ফিলিস্তিন সরকার ইসরায়ল-ফিলিস্তিনের আগের সব চুক্তি মেনে চলার কথা বললেও ইসরায়েলকে স্বীকৃতি দিতে নারাজ। হামাসের মুখপত্র ফাওজি বারহৌম শনিবার বলেছেন " হামাস কখনই ইসরাইলকে পৃথক রাষ্ট্রের স্বীকৃতি দেবে না ।"
মার্কেল সদ্যসমাপ্ত আরব লীগের বৈঠকে উত্থাপিত শান্তি আলোচনা প্রস্তাবটি জোরদারের
চেষ্টা চালাচ্ছেন। তবে তিনি বলেছেন, সামনে অনেক বাধা আছে । আরব নেতারা এই বৈঠকে ৫ বছরের পুরোনো শান্তি প্রস্তাবই পুনরুত্থাপন করেছেন।
প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র্র গঠনের সময় উদ্বাস্তু ফিলিস্তিনি নাগরিকদের ন্যায়সঙ্গত অধিকার দেয়ার বিনিময়ে ইসরাইলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন ও ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা বলা হয়েছে।
ইসরাইলের নীতির বাইরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মাহমুদ আব্বাসের ফাতাহ দলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছিলেন। কিন্তু এই সফরে মার্কেল ফিলিস্তিন কোয়ালিশন সরকারের কোনো প্রতিনিধির সাথে সাক্ষাৎ করবেন না বলেই জানিয়েছেন তার সহযোগীরা। স্থগিত শান্তি আলোচনার অগ্রগতিকে প্রধান্য দিলেও মার্কেল অচলবস্থা নিরসনের আশা ক্ষীণ বলেই মনে করছেন।
সফরকালে মার্কেল লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে সেখানে অবস্থিত একটি জার্মান ফ্রিগেটে অবতরণ করবেন।
