২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করল এলটিটিই

শ্রীলঙ্কার ‘লিবারেশন টাইগারস অব তামিল ইলম’ (এলটিটিই)-এর রাজনৈতিক শাখার প্রধান এস পি থামিলসেলভান রয়টার্সকে ই-মেইলে এক সাক্ষাৎকারে শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

থামিলসেলভান বলেন, ‘‘আগের শান্তি চুক্তির আলোকে সরকার আলোচনা শুরু করতে রাজী না হলে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই’’।

এলটিটিই‘র দাবি, কার্যত মৃত তবে কাগজে কলমে টিকে থাকা ২০০২ সালে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিই হতে হবে শান্তি আলোচনায় ফেরার ভিত্তি। সাক্ষাৎকারে তিনি বলেন “ শ্রীলঙ্কা সরকার এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করা এবং এটি বাস্তবায়নের কোনো উদ্যোগ না নিলে ধরে নেয়া হবে যে, তারা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে। ”

“ এর অর্থ হবে বর্তমান সরকার আরও তীব্র ও সহিংস যুদ্ধের উদ্যোগ নিচ্ছে। ফলে রাষ্ট্রে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে। তখন ব্যপক ধ্বংস আর হতাহতের মতো বড় ধরনের মানব বিপর্যয়ের পথ থেকে ফিরে আসা সম্ভব হবে না।”

বিবাদমান দু’পক্ষের আলোচনা ভেঙে যায় গত অক্টোবরে।

এ সপ্তাহে শ্রীলঙ্কা সরকার যেকোনো সময়ই সংঘাত থামানোর জন্য এলটিটিই’র সঙ্গে আলোচনায় বসার সদিচ্ছার কথা জানিয়েছে। তবে তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির ফলে এলটিটিই লাভবান হয়েছে। তারা নিজেদের সংগঠিত করেছে এবং তাদের সামরিক শক্তি বাড়িয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব পালিথা কোহোনা এ সপ্তাহে বলেন, ‘‘আমরা যুদ্ধবিরতি চুক্তির উপর ভিত্তি করে কোনো সমঝোতা আলোচনা করতে ইচ্ছুক নই”

“ এই যুদ্ধ বিরতি চুক্তি ছিলো দেশব্যাপী সংঘাত নির্মূলের লক্ষ্যে নেয়া বাস্তব পদক্ষেপ এবং এরপর যা ঘটেছে তা আমরা সবাই অবগত ।”

“ আমাদের বর্তমানের দৃষ্টিভঙ্গি হচ্ছে সংঘাত নিরসনের লক্ষ্যে এমন ভাবে সমঝোতা আলোচনা করা যেনো শুধু যুদ্ধ স্থগিত না হয়ে বিরোধের মূলোৎপাটন হয়।”

প্রতিদিনই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৩ সালে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত আনুমানিক ৬৮০০০ সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে, গত ৪ মাসে নিহত হয়েছে প্রায় ৪০০০ মানুষ।

আন্তর্জাতিক সম্প্রদায় বৃথাই উভয় পক্ষকে সহিংসতা বন্ধের এবং যুদ্ধ বিরতির প্রস্তাব আলোচনার অনুরোধ করেছেন।

“ এই যুদ্ধ বিরতির প্রস্তাব ঐতিহাসিক। ফলে সহিংসতা ও মানুষের দুর্ভোগের সমাপ্তি হয়েছিলো এবং সরাসরি আলোচনা সম্ভবপর হয়েছিলো।” বলেছেন থামিলসেলভান। “ এখন এর ঐতিহাসিক বাস্তবতাকে পাশ কাটিয়ে এ সহিংসতা বন্ধে কোনো আলোচনা সম্ভব না।”

“ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় সম্পাদিত যুদ্ধবিরতি প্রস্তাবকে শতভাগ বাস্তবায়িত করে সরাসরি আলোচনার পরিবেশ তৈরী হতে পারে ”

বর্তমান রাষ্ট্রপতি মাহিন্দা রাজপাক্ষে সরকার তামিল টাইগারের সামরিক শক্তি বিনাশের শপথ নিয়েছেন।

শত শত বেসামরিক লোক নিহত হয়েছে এই সংঘাতে এবং নতুন করে আরও ১৫৫০০ থেকে ১৬৫০০০ উদ্বাস্তু মানুষ বর্তমানে তারা শরনার্থী শিবিরে বসবাস করছে। উভয় পক্ষের বিরুদ্ধে আইন বহির্ভূত হত্যাকান্ড এবং অপহরণের অভিযোগ এনেছে ত্রাণ ও মানবাধিকার সংস্থাগুলো।

“ সংঘাত আর মানুষের দুর্ভোগ স্থগিত করেই শুধুমাত্র শান্তি আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব।” বলে জানিয়েছেন থামিলসেলভান ।