সোমালিয়ায় সংঘর্ষ চলছেই, আতঙ্কে জনগণ
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংঘর্ষ চলছেই। সোমালিয়া ও ইথিওপিয়ার সেনাদের সঙ্গে রোববার চতুর্থ দিনের মতো ইসলামি মিলিশিয়াদের লড়াই চলেছে। এতে বহুসংখ্যক লোক হতাহত হয়।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর দক্ষিণে বোমা হামলা শুরু হয়। এসময় প্রচণ্ড শব্দে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গত ১৬ বছরের মধ্যে মোগাদিসুতে এবারই সবচেয়ে মারাত্মক লড়াই চলছে। ‘তাওফিক’ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক অধিবাসীর কথায়, ‘আমাদের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ চলছে। দক্ষিণ মোগাদিসু থেকে চলছে মর্টার হামলা। জনগণ খুবই আতঙ্কিত’।
ইথিওপিয়ার সেনারা বৃহস্পতিবার ট্যাংক এবং হেলিকপ্টার গানশিপ নিয়ে ইসলামি মিলিশিয়া নির্মুল অভিযানে নেমেছে। পাল্টা জবাব দিচ্ছে মিলিশিয়ারা। দুপক্ষের এই লড়াইয়ের শিকার হচ্ছে নিরীহ লোকজন। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। অনেক আহতই চিকিৎসা পাচ্ছে না। সহিংসতার কাছে জিম্মি হয়ে পড়েছে ডাক্তাররাও।
ইথিওপিয়া বাহিনীর দাবি, লড়াইয়ে ২০০ মিলিশিয়া মারা পড়েছে। ওদিকে, শুক্রবার লড়াই চলাকালে মিলিশিয়ারা একটি ইথিয়পীয় হেলিকপ্টার ভুপাতিত করে। এতে কয়েকজন ইথিয়পীয় সেনা নিহত হয়।
সহিংসতার তীব্রতায় মোগাদিসু ছেড়ে পালাচ্ছে হাজার হাজার লোক। তবে এ পরিস্থিতিতে বিচলিত নয় সোমালিয়ার অন্তর্বর্তী সরকার। সংহতি স্থাপনের লক্ষ্যে রাজনীতিবিদ, ও সাবেক যুদ্ধবাজ নেতাদের নিয়ে ১৬ এপ্রিলে বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে সরকার অটল মনোভাব ব্যক্ত করেছে।
