২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে অন্তর্বর্তী সরকারে মাওবাদীদের যোগদান

নেপালের অন্তবর্তীকালীন সরকারে যোগ দিয়েছেন মাওবাদীরা। রোববার নতুন সরকারের শপথ নেওয়ার মধ্য দিয়ে অবসান ঘটল কয়েকদিন ধরে চলা অচলাবস্থার। প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার ২২ সদস্যের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন পাঁচ মাওবাদী বা নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) নেতা। প্রধানমন্ত্রী হিসেবে কৈরালা এবার নিয়ে ষষ্ঠবারের মতো শপথ নিলেন। তবে নেপালের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনে রাজার কোনো ভূমিকা ছিল না। নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ প্রতিনিধিও অভিনন্দিত করেছেন মন্ত্রীদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নতুন সরকার গঠনের লক্ষ্যে শুধু আনুষ্ঠানিকতার জন্য রোববার পদত্যাগ করেন গিরিজা প্রসাদ কৈরালা। এর পর পার্লামেন্টে প্রস্তাব করেন ২২ সদস্যের নতুন মন্ত্রিসভার তালিকা। অনুমোদন হওয়ার পরপরই হয় শপথ অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন মাওবাদীদের প্রধান নেতা প্রচণ্ড।

এর পর ভাষণে প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা বলেন, “নেপালের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হল আজ। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে বাকি কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে হবে।”

নতুন মন্ত্রিসভায় মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা কৃষ্ণ বাহাদুর মাহারা পেয়েছেন তথ্য ও যোগাযোগ দপ্তর। মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে কৃষ্ণ বাহাদুর সাংবাদিকদের বলেন, “আমাদের প্রধান কাজ হবে সংবিধান সভার নির্বাচন করা।”

সরকারের শরিক অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সহায়তার আশ্বাসও দেন তিনি।

নতুন মন্ত্রিসভা গঠনের পর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট রাষ্ট্র জার্মানি বলেছে, “এ ঘটনা নেপালে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মাইলস্টোন হয়ে থাকবে।”

নেপালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিন নতুন সরকারের মন্ত্রীদের অভিনন্দন জানান। পাশাপাশি দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের শরিক আটটি দলকেই আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দুই দিন আগে প্রধানমন্ত্রী কৈরালার সঙ্গে বৈঠকে মন্ত্রিসভায় যোগদানের বিষয়টি চূড়ান্ত করেন মাওবাদী নেতা প্রচণ্ড। সে সমঝোতা অনুযায়ী শনিবারই গিরিজা প্রসাদ কৈরালার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার এবং মাওবাদীদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করে তা অনুমোদনের জন্য পার্লামেন্টে তোলার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভার দপ্তর বণ্টণ নিয়ে মতৈক্য না হওয়ায় সরকার গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়।

পরে পার্লামেন্টের অধিবেশন রোববার পর্যন্ত স্থগিত করা হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতে অন্তর্বর্তী পার্লামেন্টে যোগ দেন মাওবাদীরা। আর এর মধ্য দিয়েই সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসেন তারা।

দেশের নতুন সংবিধান প্রণয়নের জন্য আগামী জুনে সংবিধান সভা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তারা এর সম্ভাব্য তারিখ বলছেন ২০ জুন।

মাওবাদীরা রাজতন্ত্র পুরোপুরি বিলোপের পক্ষে। জ্ঞানেন্দ্র বর্তমানে রাজা হলেও ক্ষমতাহীন অবস্থায় রয়েছেন।