২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ নৌসেনাদের বিচার নিয়ে করা মন্তব্য অস্বীকার করেছেন ইরানি রাষ্ট্রদূত

‘আটক ব্রিটিশ নৌসেনাদের বিচার প্রক্রিয়া শুরু করতে পারে ইরান’- তাকে উদ্ধৃত করে শনিবার বার্তাসংস্থা ইরনার দেওয়া এ খবর অস্বীকার করেছেন রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত গোলামরেজা আনসারি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আনসারি শুক্রবার সন্ধ্যায় রুশ টেলিভিশন চ্যানেল ভেস্তি -  ২৪ কে দেওয়া এক সাক্ষাতকারে ‘আটক ব্রিটিশ সেনাদের বিচার প্রক্রিয়া শুরু হতে পারে’- এমন মন্তব্য করেছিলেন বলে ইরনা জানিয়েছিল। ভেস্তি - ২৪  রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে জানায়, তিনি বলেছিলেন, “ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের জন্য সম্ভবত তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সাজা হবে।”

রাষ্ট্রদূত পরে একথা অস্বীকার করেন। ইরনা আরেক খবরে জানায়, ভাষাগত অনুবাদের সময় ইরানি রাষ্ট্রদূতকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছিল। তাকে উদ্ধৃত করে ইরনা পরে জানায়, তিনি আটক ব্রিটিশ সেনাদের বিচারের সম্মুখীন করা নয়, বরং তাদের ‘আইনী প্রক্রিয়া’র মধ্য দিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মোত্তাকি অবৈধভাবে তাদের নৌসীমায় প্রবেশের জন্য ব্রিটিশ নৌসেনাদের বিচারের ইঙ্গিত দিয়েছিলেন।

এদিকে যুক্তরাজ্যে ইরানের দূতাবাস জানিয়েছে, উদ্ভূত সঙ্কটের একটি গ্রহণযোগ্য সমাধানে দুই সরকারই চেষ্টা চালিয়ে যাচ্ছে।    

শুক্রবার ব্রিটিশ নৌসেনাদের ভিডিওচিত্র প্রচার করে ইরান টেলিভিশন। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, “এর মধ্য দিয়ে ইরানের ওপর ব্রিটিশদের অসন্তোষ আরও বেড়েছে।”

তবে এ পরিস্থিতিতেও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।