২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি সরকার নিয়ে ইইউ’র দ্বিধা কাটেনি

ফিলিস্তিনি সরকার নিয়ে ইউরোপীয় দেশগুলোর দ্বিধা কাটেনি। উপরন্তু আরব লীগের শান্তি প্রস্তাব নিয়ে তারা নতুন করে দ্বিধায় পড়েছেন। শনিবার জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আলোচনা ঘুরাপাক খায় এ দুটি বিষয় ঘিরেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

কূটনীতিবিদরা জানিয়েছেন, অনেক আলোচনার পর হামাসের সদস্য নয় এমন ফিলিস্তিনি মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ এবং সরকারকে পাশ কাটিয়ে কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠানো শুরু করতে একমত হয়েছেন ইউরোপীয় মন্ত্রীরা।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাংক ওয়াল্টার স্টেইনমেয়ার ফিলিস্তিনি নতুন সরকার সম্পর্কে বলেছেন, “এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছি আমরা। তবে ওই সরকারের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই আমাদের পরবর্তী মূল্যায়ন হবে। ফলে এ মূহূর্তে ব্যক্তি পর্যায়েই সীমিত থাকছে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে যোগাযোগ।”

এদিকে তিনদিনের মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার আগে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেছেন, “মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় এখন কতোটা কী করার সুযোগ পাওয়া যায় তা দেখতে হবে আমাদের। যদিও আমি মনে করি, সামনে খুবই দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতে হবে।” 

এই দফায় লেবানন, জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চল সফর করবেন মার্কেল। পুনরায় শুরু করা আরব শান্তি উদ্যোগকে ইসরায়েল সতর্কতার সঙ্গে স্বাগত জানানোর পর জার্মানির চ্যান্সেলর একথা বললেন।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিতা ফেরেরো ওয়াদনার ১১ ই এপ্রিল ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছেন ফিলিস্তিনের অর্থমন্ত্রী সালাম ফাইয়াদকে। বিকল্প পথে ফিলিস্তিনে সাহায্য পাঠানো নিয়ে তারা আলোচনা করবেন।

তবে একইসঙ্গে ওয়াদনার বলেছেন, রাতারাতি কোনোকিছু আশা করাটা ঠিক হবে না। আরও কিছুদিনের জন্য হলেও সরকারকে পাশ কাটিয়ে বিকল্প পথে সাহায্য পাঠানোর সাময়িক ব্যবস্থাটি চালু রাখতে হবে।

ফ্রান্স এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে চাইলেও তাতে দ্বিমত পোষণ করে করেছে নেদারল্যান্ডসহ কয়েকটি দেশ। অন্যদিকে অষ্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরসুলা প্লাসিংক বলেছেন, “আমাদের চুপ করে বসে থাকলে হবে না, কারণ অচলাবস্থা কারও জন্যই মঙ্গলজনক নয়।”

লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জাঁ অ্যাসেলবোর্ন বলেন, “আরব দেশগুলো শান্তি স্থাপনে এগিয়ে আসছে। এটা বেশ ইতিবাচক। ফিলিস্তিনে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান আমরা জানিয়েছিলাম। সে অনুসারে একটি সরকার তো আমরা পেয়েছি। সুতরাং এ সুযোগ আমাদের কাজে লাগানো উচিত।”

প্রসঙ্গত, ২০০৬ সালের মার্চে হামাস ক্ষমতায় আসার পর ফিলিস্তিনে সাহায্য বন্ধ করে দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ।