আফগানিস্তানে আরও ১৪টি হেলিকপ্টার পাঠাবে ব্রিটেন
আফগানিস্তানে সামরিক ঘাটতি পূরণে ব্রিটেন ছয়টি হেলিকপ্টার কিনবে এবং আটটি হেলিকপ্টার মেরামত করে সেখানে পাঠাবে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ন্যাটো মিশনের অংশ হিসেবে আফগানিস্তানে নিয়োজিত ব্রিটিশ সেনাবাহিনী হেলিকপ্টারের ওপর বিশেষভাবে নির্ভরশীল।
সেনা অধিনায়কদের চাহিদা মতো হেলিকপ্টার সরবরাহ করতে পারছে না বলে ব্রিটিশ সরকার স্বীকার করে। একইসঙ্গে তারা প্রয়োজনীয় সহযোগী না দেওয়ায় ন্যাটোর সদস্য দেশগুলোকে দায়ি করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয়টি মার্লিন হেলিকপ্টার কেনার ঘোষণা দিয়েছে। এক বছরের মধ্যে হেলিকপ্টারগুলো আফগানিস্তানে পাঠানোর বিষয়েও আশা প্রকাশ করেছে তারা।
ব্রিটিশ সরকারের সূত্র জানায়, ১৭ কোটি ৫০ লাখ পাউন্ড দামের অগাস্টাওয়েস্টল্যান্ড হেলিকপ্টারগুলো প্রথম ডেনমার্ক কিনতে চেয়েছিল। তবে তারা (ডেনমার্ক) বর্তমান চালানটি ব্রিটেনকে দিতে এবং তাদের হেলিকাপ্টারগুলো পরবর্তী চালানে গ্রহণে রাজি হয়েছে।
এছাড়া, ২০০১ সাল থেকে যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে থাকা আটটি চিনুক হেলিকপ্টার মেরামত এবং সামরিক কাজে ব্যবহার উপযোগী করে তোলার জন্য পাঁচ থেকে ছয় কোটি পাউন্ড ব্যয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
