২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি ওলমার্ট

সঙ্কট নিরসনে সৌদি আরবের শান্তি প্রস্তাব নিয়ে নিয়ে আরব নেতাদের সঙ্গে আলোচনায় রাজি আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। শুক্রবার ইসরায়েলি পত্রিকাগুলোয় এ খবর ছাপা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তবে আরব সম্মেলনে গৃহিত ওই প্রস্তাবের মূল বিষয়গুলো নিয়ে নিজের আপত্তির কথাও প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আরব সম্মেলনে সৌদি আরবের ওই প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। এরপরই ইসরায়েলি পত্রিকাগুলো এহুদ ওলমার্টের বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে।

একটি পত্রিকাকে ওলমার্ট বলেন, “প্রস্তাবটি বেশ মজার। আমরা এ নিয়ে আরব নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। এ নিয়ে আমাদের অবস্থানটিও তাদের কাছে তুলে ধরতে চাই।”

অন্য এক পত্রিকার খবরে বলা হয়, আরব লীগের প্রস্তাবটি ‘সমস্যাপূর্ণ’ এবং ওই প্রস্তাব লুফে নিতে ইসরায়েল আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন ওলমার্ট।

ওলমার্ট পত্রিকাটিকে বলেন, “প্রস্তাবটি নিয়ে সতর্কতার সঙ্গে এগুতে চাইছি আমরা।”

আরব প্রস্তাব অনুযায়ী অধিকৃত ভূ খণ্ড ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া প্রসঙ্গে ওলমার্ট বলেন, “ইসরায়েলকে বিকিয়ে দিতে হয়, এমন কোনো প্রস্তাব আমরা মেনে নিতে পারি না।”

আরব লীগের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলি উপ প্রধানমন্ত্রী শিমন পেরেজ রয়টার্স টেলিভিশনকে বলেন, “এ নিয়ে খুব দ্রুত আরব ও ইসরালের নেতাদের আলোচনা হওয়া দরকার। নইলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর একবার যদি বিতর্ক ওঠে, তার রেশ থাকে বহুদিন।”