থাইল্যান্ডে জরুরি আইন জারি হচ্ছে না, ডিসেম্বরে নির্বাচন
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ বিক্ষোভ দমনে জরুরি আইন জারির আহ্বান জানালেও প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্তকে তা প্রত্যাখান করেছেন। প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানেরও ঘোষণা দেন।
বৃহস্পতিবার সামরিক নেতাদের সঙ্গে বৈঠকের পর চুলানন্ত সাংবাদিকদের বলেন, “এখন জরুরি আইন জারি করা হবে না, কেননা পরিস্থিতি তা দাবি করে না।”
“আমি থাই জনগণের মধ্যে পরস্পরের সঙ্গে ঝগড়া - বিবাদ আর সংঘাত দেখতে চাই না। পরিস্থিতি যেন ওই পর্যায়ে না যায় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
চুলানন্ত আরও জানান, আগামী ১৬ - ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত তার সরকারের পরিকল্পনা অপরিবর্তিত আছে।
সেনাপ্রধান সন্থি বুনিয়ারাতগি¬ন নেতৃত্বে দেশটির সামরিক অভ্যুত্থানের নেতারা বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় প্রধানমন্ত্রীর প্রতি জরুরি আইন জারির আহ্বান জানান। শান্তিপূর্ণ হলেও দিনদিন এসব বিক্ষোভ বড় হতে থাকায় এমন আশঙ্কা করছেন তারা। শুক্রবার সেখানে অভ্যুত্থানবিরোধী সমাবেশ হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে বুনিয়ারাতগি¬ন বলেছিলেন, এ বছরের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্র“তি দিলেও তিনি আশঙ্কা করছেন যে এসব প্রতিবাদ বিক্ষোভ থেকে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে ওই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
তিন বছর আগে প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার আমলে এ জরুরি ক্ষমতা আইনটি প্রথম জারি করা হয়েছিল। এ আইনে যেকোনো ব্যক্তিকে বিনা বিচারে ৩০ দিন পর্যন্ত আটক রাখা, ফোন ও ই - মেইলে আড়িপাতা এবং মিডিয়ার ওপর সেন্সরশিপ আরোপের ক্ষমতা দেওয়া হয় সরকারকে।
এদিকে জরুরি ক্ষমতা আইন বলবৎ করা হতে পারে এমন খবরে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। কনফেডারেশন অফ ডেমোক্রেসির নেতা ওয়ায়েং তোচিরাকর্ণ বলেছেন, “জরুরি ক্ষমতা ডিক্রি জারি করার এ সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রাজনীতি প্রবর্তনের দাবি জানান তিনি।
তোচিরাকর্ণ বলেন, “সরকারি কর্মকর্তাদের যেকোনো সময়ে বাড়ি বাড়ি গিয়ে তল¬াশি চালানো, গৃহবন্দি করে রাখাসহ প্রকাশনা নিয়ন্ত্রণ ও জব্দের ক্ষমতা দিয়ে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে এ জরুরি আইনের মাধ্যমে। আমরা এর বিরোধিতা করছি।”
জরুরি আইন জারি করা হলে চুপ করে বসে না থেকে তা অবসানের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান ওই নেতা।
থাইল্যান্ডের বিভিন্ন পত্রিকা পুনরায় জরুরি ক্ষমতা আইন প্রবর্তনের সম্ভাব্যতার সমালোচনা করেছে। ব্যাংকক পোস্টের এক খবরে বলা হয়, “বিনা মেঘে বজ্রপাতের মতোই হঠাৎ করেই ব্যাংকককে থাই ইতিহাসের সবচেয়ে জঘণ্যতম আইনের আওতায় নিয়ে আসতে চাইছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান।”
সামরিক অভ্যুত্থানবিরোধী রাজনৈতিক সভা সমাবেশের বিষয়টি নিয়ে সেনানায়করা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন থাই রাজনৈতিক বিশে¬ষকরা।
