ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য স্থাপনের ব্যাখ্যা পুতিনকে দেবেন বুশ
চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য স্থাপানের পরিকল্পনার বিষয়ে মস্কোর কাছে ব্যাখ্যা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বুশ রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমি পুতিনকে এ কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার ক্রেমলিন দাবি করেছে।
এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, বুধবার প্রেসিডেন্ট বুশ টেলিফোনে আলাপ করেন পুতিনের সঙ্গে। ওই সময়ই এ প্রস্তাব দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, “মধ্য ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য স্থাপন পরিকল্পনার নেতিবাচক দিকগুলো নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় পুতিনের। বিষয়টি নিয়ে বিশদ আলোচনায় যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে ভালোভাবেই গ্রহণ করেছে রাশিয়া।”
তবে চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে রাডার স্টেশন এবং মিসাইল ব্যাটারি নির্মাণে মালামাল ও সরঞ্জামাদি সরবরাহে রাশিয়ার সীমান্ত ব্যবহারের পরিকল্পনা সরাসরি নাকচ করেছে রাশিয়া।
পুতিন মনে করছেন, যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের জন্য এ বুহ্য স্থাপন করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, তাতেও আস্থা রাখতে পারছে না রাশিয়া।
এদিকে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্রো বলেন, “মধ্যপ্রাচ্যের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য স্থাপন জরুরি। এটা শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের নিরাপত্তার জন্যও জরুরি।”
পেন্টাগন জেনারেল হেনরি ওবেরিং সাংবাদিকদের বলেন, “মিসাইল প্রতিরক্ষা বাড়াতে দুটি দেশের মধ্যে সহযোগিতার উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে খোলামেলা আলোচনা প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর জন্য প্রযুক্তিগত এবং তথ্যগত- সবধরনের উপাত্ত রাশিয়াকে সরবরাহ করা হবে।”
