কিরঘিজিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
কিরঘিজিস্তানের প্রধানমন্ত্রী আজিম ইসাবেকভ পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট কুরমানবেক বাকায়েভ বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন বিরোধী দলীয় নেতা আলমাজ আতামবায়েভকে।
কিরঘিজিস্তানের সংবিধান অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে পুরো মন্ত্রিসভা ভেঙ্গে নতুন করে তা গঠন করতে হয়। ফলে আতামবায়েভকে নতুন মন্ত্রিসভা গঠন করে পার্লামেন্টে তার অনুমোদন নিতে হবে।
তবে প্রধানমন্ত্রী পরিবর্তনের এ ঘটনা বিরোধী দলগুলোর সবার মনঃপুত হবে না বলেই ধারণা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ফেলিক্স কুলভ ছিলেন ওই পদের অন্যতম দাবিদার। আগাম নির্বাচন ও ইসাবেকভের পদত্যাগ দাবিতে সোচ্চার ছিলেন তিনি।
রাজনৈতিক এ সঙ্কট নিয়ে কোনো মন্ত্রী কিংবা বিরোধী দল নেতার মতামত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
