ইরাকে বিদেশি দখলদারিত্বে সৌদি বাদশাহর কড়া সমালোচনা
ফিলিস্তিনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ।বুধবার আরব সম্মেলনে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইরাকে বিদেশি দখলদারিত্বেরও কড়া সমালোচনা করেন তিনি।
বুধবার রিয়াদে শুরু হয় আরব সম্মেলন। সৌদি আরবের প্রস্তাব অনুসারে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে করণীয় বিষয়েও সম্মেলনের প্রথম দিনে ব্যাপক আলোচনা হয়। এর পাশাপাশি ইরাকে জাতিগত সংঘাত ও সহিংসতা বন্ধে মুসলিম বিশ্ব একযোগে কাজ করতে বাদশাহ আবদুল্লাহর আহ্বানেও সম্মতি প্রকাশ করেন আরব নেতারা।
ইরাকের সহিংসতা ছিল সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। ইরাকের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও করছেন সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে বাদশাহ আবদুল্লাহ বলেন, “যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা নির্বিঘেœ এগিয়ে নিতে এর প্রয়োজন অনস্বীকার্য।”
ইরাক প্রসঙ্গে তিনি বলেন, “ইরাকে আজ যুদ্ধ চলছে। ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরছে। এ সবই হচ্ছে অবৈধ বিদেশি দখলদারিত্ব ও ঘৃন্য সাম্প্রদায়িক মনোভাবের ফল। সেখানে গৃহযুদ্ধ বাধার উপক্রম হয়েছে।”
মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আরব সম্মেলনকে অনেকটা ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে মুসলিম বিশ্বের আরেক দেশ ইরানের ওপর জাতিসংঘের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে নিজেদের শঙ্কা এবং হতাশা প্রকাশ করেছেন প্রতিনিধিরা।
এদিকে, ১৯৬৭ সালের যুদ্ধের পর অধিকৃত ভূমি ফিরিয়ে দিলে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিন। সৌদি আরবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জামাল সোবাকি এ কথা জানিয়েছেন।
গত মাসে সৌদি আরবের মধ্যস্থতায় ফিলিস্তিনের দুই প্রতিপক্ষ দল হামাস এবং ফাতাহ-র মধ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আশা করা হয়েছিল, ফিলিস্তিনের নবগঠিত জাতীয় ঐক্যের সরকার দেশটির ওপর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা তুলে নিতে সহায়ক হবে। আরব জনগণ মনে করছে স্থগিত হওয়া শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পশ্চিমা বিশ্বের আরও সহযোগিতাপরায়ণ হওয়া দরকার।
এ প্রসঙ্গে সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, “আরব-ইসরায়েল শান্তি প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের প্রথম ধাপ বলে আমি মনে করি সৌদি আরবের এ উদ্যোগ দেখে মনে হয়, শান্তি প্রতিষ্ঠায় তারা যথেষ্ট আগ্রহী ও আন্তরিক।”
