২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডে নিহত ৭০

নাইজেরিয়ায় একটি তেলবাহী ট্রাকে আগুন ধরে গেলে ৭০ জন নিহত হন। সোমবার এ ঘটনা ঘটে বলে বুধবার পুলিশ জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নাইজেরিয়ার উত্তর কাদুনা শহরে তেলবাহী ট্রাকের ট্যাঙ্কার ফেটে তেল পড়তে শুরু করলে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়। তারা বালতি ও অন্যান্য ধারকে করে তেল নিতে শুরু করে। ঘটনার এক পর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়।

কাদুনার পুলিশের একজন মুখপাত্র সাদ ইয়াহায়া বলেন, “সোমবার সন্ধ্যায় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ঘণ্টাখানেক পর এলাকাবাসী ট্যাঙ্কারের ফাটল থেকে বেরিয়ে আসা পেট্রল নিতে শুরু করলে তাতে হঠাৎ আগুন ধরে যায়। এতে নিহত হন ৭০ জন এলাকাবাসী।”

ট্রাকটিতে ৩৩ হাজার লিটার পেট্রল ছিল বলে জানা গেছে।

তবে এ ধরনের দুর্ঘটনা নাইজেরিয়াতে নতুন নয়। এর আগে ২০০৬ সালের ডিসেম্বরে লাগোসে তেলের পাইপলাইন দুর্ঘটনায় ৩০০ জন নিহত এবং মে মাসে আরেকটি পাইপলাইন দুর্ঘটনায় ২০০ জন নিহত হন।