ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আরও তিন জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেছেন। বুধবার সে দেশের কর্মকর্তারা এ খবর জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ড ফ্লু কেন্দ্রের কর্মকর্তা মুহাম্মদ নাদরিন জানিয়েছেন, দুইটি পরীক্ষার মাধ্যমে এ তিন ব্যক্তির দেহে এইচ৫এন১ ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে বার্ড ফ্লুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮৯ এবং মৃতের সংখ্যা ৬৯ এ দাঁড়িয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত সারা বিশ্বে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায়ই সবচেয়ে বেশি ব্যক্তি মারা গেছেন।
বর্তমানে বার্ড ফ্লু ভাইরাস এশিয়া থেকে আফ্রিকা ও ইউরোপে ছড়িয়ে পড়েছে এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভাইরাসটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রমণের পর্যায়ে যেতে পারে। আর তাহলে কয়েক মাসের মধ্যে কয়েক লাখ লোক মারা যেতে পারে।
এদিকে বার্ড ফ্লু ভাইরাসের প্রতিষেধক তৈরিতে নমুনা বিনিময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রস্তাবে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। নমুনা সরবরাহে এতদিন পর্যন্ত রাজি ছিল তারা। তারা বলছিল, বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না, এমন নিশ্চয়তা পেলেই তারা নমুনা সরবরাহ করবে। ইন্দোনেশিয়াসহ উন্নয়নশীল দেশগুলোর আশঙ্কা, বার্ড ফ্লুর প্রতিষেধক বাণিজ্যিকভাবে তৈরি শুরু হলে গরিব দেশগুলো উচ্চ মূল্যের কারণে ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হবে।
তবে হু এবং অন্যান্য বিশেষজ্ঞরা প্রতিষেধক তৈরির জন্য নমুনা বিনিময়ের ওপরই জোর দিয়ে আসছিলেন। তবে এক্ষেত্রে নমুনা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে কাজে লাগানো হবে না, সে প্রতিশ্র“তি দেওয়া হয় ইন্দোনেশিয়াকে।
