২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক নৌ - সেনাদের প্রশ্নে ইরানকে ব্লেয়ারের সতর্কবাণী

আটক নৌ - সেনাদের ছেড়ে না দিলে ইরানকে ‘ভিন্ন পথে’ এর ফল ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মঙ্গলবার ‘জিএমটিভি’কে তিনি বলেন, “আমরা যা করতে চাইছি তা হলো... আমরা কূটনীতিক উপায়ে এ সমস্যার সমাধান করতে চাইছি। আমরা ইরানকে বোঝাতে চাইছি যে ওই নৌ - সেনাদের ছেড়ে দিতে হবে এবং এদের আটক রাখা সম্পূর্ণ অবৈধ।”

“আমি আশা করি, ইরানকে আমরা তা বোঝাতে পারবো। এরপরও যদি তারা নৌ - সেনাদের ছেড়ে না দেয় তবে আমরা ‘ভিন্ন পথে’ যাবো।”

‘ভিন্ন পথ’ বলতে তিনি কী বোঝাচ্ছেন সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ব্লেয়ার বলেন, “আমরা এই মুহূর্তে অপেক্ষা করবো। তবে ইরানকে বুঝতে হবে যে আমাদের সেনারা আটক থাকবে- আমরা এমন একটি পরিস্থিতি বজায় থাকতে দিতে পারি না।”

জাতিসংঘের নির্দেশ অনুযায়ী ব্রিটিশ নৌ - সেনারা ইরাকের সমুদ্রসীমায় অবস্থান করছিল এবং ইরান ওই নির্দেশ না মেনে তাদের আটক করে বলে ব্লেয়ার আবারও দাবি করেন। এদিকে ইরান বলছে, এরা তাদের নৌসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুষ্ট এবং এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে।

জানুয়ারি মাসে ইরাকে ইরানি দূতাবাস থেকে পাঁচজনকে আটক করার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা সে প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, “এমন ধারণা ভিত্তিহীন। কারণ, ইরাকের অভ্যন্তরে বসে কয়েকজন ইরানি জাতিসংঘের নির্দেশ অমান্য করছিল এবং সেদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দুর্বল করার চেষ্টা করছিল। কাজেই তাদের ইরাকে থাকতে দেওয়ার প্রশ্নই ওঠে না।”

“শেষপর্যন্ত, ইরান সরকারের কাছে এই প্রশ্নই থাকবে যে তারা আন্তর্জাতিক আইন মেনে চলবে কিনা। আমি আশা করি তারা তা করবে এবং সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”