আব্বাসের বাহিনীকে শক্তিশালী করতে বুশ প্রশাসনের ৬ কোটি ডলার সাহায্য
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে বুশ প্রশাসন পাঁচ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার পরিকল্পনা করছে। ফিলিস্তিনের পরবর্তী নির্বাচনে সহায়তা দিতে অতিরিক্ত আরও কিছু অর্থ দেওয়ারও পরিকল্পনা হচ্ছে বলে মঙ্গলবার প্রকাশিত মার্কিন নথি থেকে জানা গেছে।
তবে প্রথম খাতে প্রাথমিক পর্যায়ে বরাদ্দ করা সাহায্যের পরিমাণ আট কোটি ৬৪ লাখ ডলার থেকে কমিয়ে পাঁচ কোটি ৯০ লাখ ডলার অনুমোদন করা হয়। পশ্চিমা দাতা দেশগুলোর ত্রাণ নিষেধাজ্ঞা শিথিল করা এবং আন্তঃদলীয় সংঘাত নিরসনের জন্য ইসলামপন্থি হামাস দলের সঙ্গে ফাতাহ দলের ঐক্য সরকার গঠনের পর এই ব্যয় হ্রাস করা হলো।
এই সংশোধিত নিরাপত্তা প্যাকেজের সর্বমোট বরাদ্দ পাঁচ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ডলার, যা আব্বাসের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, তাদের জন্য হালকা অস্ত্র ক্রয়, সুযোগ - সুবিধা বাড়ানো এবং আব্বাসের জাতীয় নিরাপত্তা পরামর্শক মোহাম্মদ দাহলানের কর্মকাণ্ড চলানোর জন্য ব্যয় হবে।
অতিরিক্ত ১৭ লাখ ডলার পশ্চিম তীর ও গাজায় পরবর্তী যেকোনো নির্বাচনকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) স্থাপনে ব্যয় করা হবে। কিছুদিনের মধ্যেই সেখানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
