২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা হামলাকারী চক্রের দুই নেতা গ্রেপ্তার

ইরাকে গাড়িবোমা হামলাকারী চক্রের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আহমাদিয়া শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মার্কিন বাহিনী মঙ্গলবার জানিয়েছে। মার্কিন সেনাদের দাবি, এ দুজন গাড়িবোমা হামলা চালিয়ে প্রায় ৯০০ ইরাকিকে হত্যা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:09 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ২১ মার্চ বাগদাদের উত্তরের সুন্নি প্রধান আহমাদিয়া অঞ্চলে অভিযান চলাকালে তাদের আটক করা হয়েছে।

এরা মূলত বাগদাদের শিয়া প্রধান সদর সিটিতেই বোমা হামলা চালাতো বলে বিবৃতিতে দাবি করা হয়। এতে বলা হয়, ২০০৬ সালের নভেম্বর থেকে ওই এলাকায় তাদের গাড়িবোমা হামলায় অন্তত ৯০০ ইরাকি নিহত হন। আহত হন ১৯৫০ জন।

মার্কিন বাহিনী জানায়, অভিযান চলাকালে গাড়ি থামানোর নির্দেশ উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়। আর তার দেওয়া তথ্য অনুসারে দ্বিতীয় জনকে সাত ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়।

মার্কিন বাহিনীর মুখপাত্র মেজর স্টিভেন ল্যাম্ব বলেন, “গ্রেপ্তার হওয়া দুজনই একই গ্র“পের সদস্য। তবে তারা আল কায়েদার সঙ্গে জড়িত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।”

মার্কিন সেনা কর্মকর্তারা বলেছেন, বাগদাদে নতুন অভিযানের কারণে জাতিগত সংঘাতে মৃত্যুর সংখ্যা কমে এলেও গাড়িবোমা হামলা এখনও বড় সমস্যা।