ইরাকে গাড়িবোমা হামলায় এক গোষ্ঠী নেতার ছেলে নিহত
ইরাকে এক গোষ্ঠী নেতার বাসা লক্ষ করে মঙ্গলবার দুই দফা গাড়িবোমা হামলা হয়েছে। এতে ওই নেতার ছেলে নিহত ও আরও কয়েকজন আহত হন।
আল আনবার প্রদেশের কর্মকর্তারা জানান, আবু গারিব শহরে আল জোবায়ি গোষ্ঠীর নেতা শেখ তাহির আল দারির বাসা লক্ষ করে ওই হামলা চালানো হয়।
আল আনবার প্রদেশে আল কায়েদা মোকাবেলায় যে জোট গঠিত হয়েছে, তার অন্যতম উদ্যোক্তা তাহির আল দারি। আর ওই প্রদেশে আল কায়েদা বিরোধী নেতাদের ওপর হামলা ক্রমেই বাড়ছে।
গত সপ্তাহে একই গোষ্ঠীর আরেক নেতা ও ইরাকের উপ প্রধানমন্ত্রী সালাম আল জোবায়ির ওপরও হামলা হয়। তাতে আহত হন তিনি।
