সঞ্চিত বৈদেশিক মুদ্রার ডলারের অংশ কমাচ্ছে ইরান
ইরান তার সঞ্চিত বৈদেশিক মুদ্রায় মার্কিন ডলারের অংশ কমিয়ে ফেলছে। সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ইব্রাহিম শেবানি এ তথ্য জানিয়েছেন। সঞ্চিত মুদ্রা ইউরোতে রূপান্তরের কথাও জানান তিনি।
জাতিসংঘ আরোপিত নতুন নিষেধাজ্ঞা তার দেশের অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
মুসলিম দেশগুলোর বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ইব্রাহিম শেবানি এখন মালয়েশিয়া সফরে রয়েছেন। মঙ্গলবার কুয়ালালামপুরে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “সঞ্চিত বৈদেশিক মুদ্রায় ডলারের অংশ ন্যূনতম রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রাথমিকভাবে ২০ শতাংশ ডলার কমিয়ে আনা হতে পারে।”
তিনি জানান, যুক্তরাষ্ট্রের হাতে জিম্মি না থাকার প্রয়াসেই বৈদেশিক মুদ্রার রূপান্তর ঘটানো হচ্ছে।
ইরানের সঞ্চিত বৈদেশিক মুদ্রার পরিমাণ নিয়ে কিছু বলেননি ইব্রাহিম শেবানি। তবে গত ফেব্র“য়ারিতে রয়টার্সকে তিনি জানিয়েছিলেন, এর পরিমাণ কয়েক হাজার কোটি ডলার হতে পারে। আর কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, মোট বৈদেশিক মুদ্রার ৪০ শতাংশই ডলার।
নতুন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর কেমন প্রভাব ফেলবে- জানতে চাইলে ইব্রাহিম শেবানি বলেন, “আমাদের সঞ্চিত বৈদেশিক মুদ্রার পরিমাণ যথেষ্ট। এ মুহূর্তে তা রেকর্ড পরিমাণ। ফলে আন্তর্জাতিক সংস্থার ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না। আর আমাদের ঋণ পরিশোধের চিত্রও বেশ ভালো। ফলে এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।”
ইরান তার বৈদেশিক মুদ্রা রূপান্তরের ফলে আমদানিকারকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র তার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।”
দেশের মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করা হলে ইব্রাহিম শেবানি বলেন, “সরকারি ব্যয় সংকোচন করলেই মুদ্রাস্ফীতি কমে আসবে বলে আমার ধারণা। আর এটা যদি করা যায়, তাহলে অভ্যন্তরীণ লেনদেনে ব্যাংক সুদের হারও বাড়াতে হবে না।”
আর ব্যাংক সুদের হার না বাড়ানোর পরিকল্পনাই সরকার নিয়েছে বলে জানান ইব্রাহিম শেবানি।
