আল কায়েদার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন হিকস
আল কায়েদার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গুয়ান্তানামোয় আটক অস্ট্রেলীয় নাগরিক ডেভিড হিকস। সোমবার গুয়ান্তানামোয় যুক্তরাষ্ট্রের নবগঠিত সামরিক ট্রাইবুনালে শুনানিতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দেন তিনি।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এ সপ্তাহের শেষের দিকে হিকসের সাজা ঘোষণা হতে পারে। ধারণা করা হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হবে তাকে। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে সাজা ঘোষণার পর এ বছরের মধ্যেই তাকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে আদালত। সাজার বাকি মেয়াদ স্বদেশেই কাটাবেন তিনি।
২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান থেকে গ্রেপ্তার করা হয় হিকসকে। এক মাস পর পাঠানো হয় গুয়ান্তানাএমা কারাগারে। গুয়ানতানামোয় আটক ৩৮৫ বন্দির মধ্যে তাকেই প্রথম কোনো ধরনের বিচারের আওতায় আনা হল।
জবানবন্দিতে হিকস স্বীকার করেন, তিনি আফগানিস্তানে তালেবানদের হয়ে যুদ্ধ করেছিলেন। এর আগে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পাশাপাশি কারা নির্যাতনের অভিযোগও আনেন তিনি।
হিকসের অস্ট্রেলীয় আইনজীবী ম্যাকলিওড গত রোববার বলেছিলেন, “হিকস অপরাধ স্বীকার না করলেও তাকে শাস্তি দেওয়া হতে পারে।” তবে কেন এখন তিনি এ ধরনের স্বীকারোক্তি দিলেন- এমন প্রশ্নের কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এ প্রসঙ্গে আদালতে হিকসের সামরিক আইনজীবী মেজর মাইকেল মোর বলেন, “হিকস তার মত বদলেছেন। বিচারক র্যালফ কোহলমান অপরাধের স্বীকারোক্তি নিশ্চিত করতে বললে জবাবে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন।”
ট্রাইবুনালের সদস্য অন্য পাঁচ সামরিক কর্মকর্তা গুয়ানতানামোয় যাওয়ার পর এ সপ্তাহের শেষে বাকি শুনানি হবে এবং তারা হিকসের শাস্তি ঘোষণা করবেন।
সোমবারের শুনানির এক পর্যায়ে হিকসের বাবা টেরি হিকস ও বোন স্টেফানির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় তাকে।
তিন বছর পর ছেলেকে দেখে টেরি হিকস বলেন, “হিকসের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে।”
