২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় দুই সেনা নিহত

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় মঙ্গলবার দুই সেনা সদস্য নিহত হয়েছেন। দেশের পূর্বাঞ্চলের একটি সেনা ছাউনীতে এলটিটিইর এক সদস্য ওই হামলা চালায়। বিস্ফোরণে হামলাকারী নিজেও নিহত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 11:47 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিঙ্গে জানান, বাত্তিকালোয়া জেলার চেনকালাদি সেনা ছাউনীতে আত্মঘাতী হামলা চালায় ওই এলটিটিই সদস্য। ছাউনীতে ঢোকার পথে বাধার মুখে পড়লে সে নিজের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। সেনা সদস্যরাও তাকে লক্ষ করে গুলি চালায়।

বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার সামারাসিঙ্গে।

কলম্বোয় একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান ঘাঁটিতে গেরিলাদের বিমান হামলার একদিন পরই এ ঘটনা ঘটল। ওই হামলায় তিন বৈমানিক নিহত ও ১৬ জন আহত হন।

তবে তাতে ঘাঁটিতে থাকা কোনো যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবাহিনী।

এরপর সোমবার সন্ধ্যায় তামিল টাইগার অধ্যুষিত এলাকায় ব্যাপক হামলা চালায় শ্রীলঙ্কার বিমান বাহিনী। তাতে ক্ষয়ক্ষতির কোনো খবর অবশ্য পাওয়া যায়নি।