ইরানের পরমাণু সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া ও চীন
ইরানের পরমাণু সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া ও চীন। সোমবার দুই দেশের নেতারা এক যুক্ত বিবৃতিতে এ কথা জানান। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও রাষ্ট্রীয় সফরে ওইদিনই মস্কো পৌঁছেন।
ভাদিমির পুতিন ও হু জিনতাও স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “ইরানে পরমাণু সঙ্কট সমাধানে শান্তিপূর্ণ পন্থা অবলম্বনের পক্ষপাতি রাশিয়া ও চীন। আলোচনার মধ্য দিয়েই সমস্যা সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দেওয়া উচিত।”
দুই নেতা বলেন, “আমরা মনে করি, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে হবে।”
একই সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেওয়ার জন্যও তারা ইরানের প্রতি আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে সহায়তা অব্যাহত রাখার জন্যও বিবৃতিতে আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, রাশিয়া ও চীনের বিরোধিতার মুখে ইরানের ওপর আরোপিত দ্বিতীয় নিষেধাজ্ঞা অনেকটাই নমনীয় হয়।
