২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশদের মুক্তি দিতে ইরানের প্রতি ইরাকের আহ্বান

গ্রেপ্তার হওয়া ব্রিটিশ নৌ সেনা ও নাবিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক। রোববার সন্ধ্যায় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশায়ের জেবারি এ আহ্বান জানিয়ে টেলিফোন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া নৌ সেনারা যে ইরাকের সমুদ্র সীমায়ই ছিলেন, তা হোশায়ের জেবারি ইরানি কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন এবং ইরাক সরকারের সম্মতি নিয়েই তারা শাত ইল আরব জলধারায় বহুজাতিক বাহিনীর পক্ষে কার্যক্রম চালাচ্ছিলেন।”

আর তাই বন্দিদের অবিলম্বে মুক্তি দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানান হোশায়ের জেবারি।

শুক্রবার পারস্য উপসাগরে দুটি নৌকা থেকে যুক্তরাষ্ট্রে ১৫ নৌ সেনা ও নাবিককে গ্রেপ্তার করে নিয়ে যায় ইরানি উপকূল রক্ষীরা। তেহরানের দাবি, তারা ইরানের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছিল। তবে সে অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্য।