২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার আহমাদিনেজাদের

জাতিসংঘের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সত্ত্বেও ইরান তার পরমাণু কার্যক্রম পরিত্যাগ করবে না। এ কথা সাফ জানিয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। নিরাপত্তা পরিষদে অনুমোদিত হওয়া নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলেও আখ্যায়িত করেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

রোববার মাহমুদ আহমাদিনেজাদ তার নিজস্ব ওয়েব সাইটে বলেন, “জাতিসংঘের অনৈতিক এবং অবৈধ নিষেধাজ্ঞার ভয়ে এক সেকেন্ডের জন্য হলেও ইরান তার শান্তিপূর্ণ এবং বৈধ কাজে পরিচালিত পরমাণু কার্যক্রম থেকে সরে আসবে না।”

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “কারা এ নিষেধাজ্ঞায় আরোপের পেছনে কলকাঠি নেড়েছে, আর কারা প্রস্তাবটি প্রত্যাখান করেছে, সবই মনে রাখবে ইরান।”

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে শনিবার নিরাপত্তা পরিষদে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাবটি অনুমোদিত হয়। তবে, শক্তিধর দেশগুলো এখনও ইরানকে নতুন করে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে। এর পাশাপাশি ইরানের সঙ্গে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্যাকেজ প্রস্তাব নবায়নে প্রস্তাব দিয়ে যাচ্ছে দেশগুলো।

উল্লেখ্য, নতুন নিষেধাজ্ঞা আরোপে ইরানকে ৬০ দিন সময় দিয়েছে জাতিসংঘ। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক কর্মসূচি স্থগিত না করলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।