কলম্বোয় বিমানবাহিনীর ঘাঁটিতে তামিল বিদ্রোহীদের হামলা
শ্রীলংকার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত বিমানবাহিনীর কাতুনায়েকে ঘাঁটিতে সোমবার ভোরের আগে তামিল বিদ্রোহীরা হামলা চালিয়েছে। দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, একটি হালকা বিমান থেকে ওই ঘাঁটির ওপর বোমা ফেলা হয়।
হামলায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এ প্রসঙ্গে বিমানবাহিনীর মুখপাত্র গ্র“প ক্যাপ্টেন অজন্তা ডি সিলভা বলেন, “তামিল বিদ্রোহীদের একটি হালকা বিমান বিমানঘাঁটির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বোমা ফেলে। দুটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সঙ্গেসঙ্গেই আমাদের প্রতিরক্ষা বিভাগ তৎপর হয়ে ওঠে। ওই এলাকায় তল্লাশী শুরু হয়েছে।”
আকাশ পথে তামিল বিদ্রোহীদের হামলার ঘটনা এটাই প্রথম। বিদ্রোহীদের দাবি, তারা একটি বিমানবাহিনী গড়ে তুলেছে। বিদ্রোহীদের লক্ষ্যস্থল সামরিক ঘাঁটি হলেও সংলগ্ন বেসামরিক বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি বলে সরকার জানায়।
ওই ঘটনার পর কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে এয়ারলাইন কর্মকর্তারা জানান। শ্রীলংকা ইয়ারলাইন্স জানিয়েছে, বিমানবন্দরে সব বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছে। রাজধানী কলম্বো থেকে বিমানবন্দরের দূরত্ব ৩৭ কিমি।
এর আগে পুলিশ জানায়, বিমানবন্দরের কাছ থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কলম্বোয় পুলিশের উপমহাপরিদর্শক জয়ন্ত বিক্রমানন্দে জানান, বিমানবাহিনীর ওই ঘাঁটিতে সরকারি বাহিনীর জঙ্গি বিমানগুলো রাখা হয়।
তিনি বলেন, “বিমানবন্দরের যে স্থানে সরকারি বাহিনীর জঙ্গি বিমানগুলো রাখা হয় সেই কাতুনায়েকে ঘাঁটি থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে এর দূরত্ব খুব বেশি নয়।”
শ্রীলংকা সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে সন্ধি স্থাপনের লক্ষ্যে কর্মরত মধ্যস্থতাকারীরাও ঘটনাটি তদন্ত করে দেখছেন।
