ইইউর সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্লিনে মহোৎসব
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুবর্ণজয়ন্তী উপলক্ষে জার্মানি রাজধানী বার্লিনে আয়োজিত সম্মেলন শুরু হয়েছে রোববার। এ সম্মেলনকে ঘিরে মহোৎসব শুরু হয়েছে সেখানে। একদিকে ইইউ সংবিধান সংস্কার নিয়ে রাষ্ট্রনেতাদের মধ্যে বোঝাপড়া, অন্যদিকে বিভক্তির প্রাচীরভাঙ্গা বার্লিনে ইইউভুক্ত দেশগুলোর জনগণের মিলন মেলা। গত আধা শতকে বিশ্বযুদ্ধ, সমাজতন্ত্র আর পুঁজিবাদ দেখা এ বার্লিন দারুণ রূপসী সাজেই তার সব দুয়ার খুলে দিয়েছে ইউরোপীয় ঐক্যের এ আসরে।
ইইউর বর্তমান সভাপতি দেশ জার্মানি মনে করে, সুবর্ণজয়ন্তী ঘিরে এ উৎসব এ অঞ্চলের ঐক্য ও সমৃদ্ধিতে নতুন চালিকাশক্তি হিসেবে কাজ করবে। ৫০ বছর আগে ঐতিহাসিক রোম চুক্তির মধ্য দিয়ে ইইউর যে যাত্রা শুরু হয়েছিল, এবার ‘বার্লিন ঘোষণার’ মধ্য দিয়ে তা নতুন মাত্রা পাবে বলেই আশা করছেন তারা।
ফ্রান্স, ব্রিটেন, চেক, বেলজিয়ামসহ ইইউভুক্ত সব দেশের পর্যটকরাই যোগ দিয়েছেন বার্লিন উৎসবে। শনিবার সন্ধ্যায় বিখ্যাত ব্রানডেনবার্গ গেটের সামনে জড়ো হয়ে ‘ব্লু অ্যান্ড গোল্ড’ ইইউ পতাকা ওড়িয়ে আর বেলুন হাতে লাইভ কনসার্টের তালে তালে আনন্দে মেতে ওঠেন হাজার হাজার মানুষ।
নগরীর রাস্তায় রাস্তায় সাদা তাঁবু খাটিয়ে চলছে নানা দেশের জিভে জল আসা সব খাবারের আয়োজন। সব দেশেরই আলাদা আলাদা তাঁবু আছে। ফরাসি, বেলজীয় আর স্প্যানীয় তাঁবুর সামনেই ভিড় বেশি ভোজন রসিকদের।
লন্ডন থেকে আসা ব্রিটিশ স্থপতি মাইকেল রবিনসন বললেন,“আমি ভাবতাম অ্যাংলো স্যাক্সনদের জন্য ‘ইউরোপ’ হয়তো খানিকটা দূরেই! এটা হয়তো শুধু ফ্রান্স বা জার্মানির মতো গোড়ার দিকের প্রতিষ্ঠাতাদেরই বোঝায়। কিন্তু বার্লিন ঘুরতে এসে আমার মনে হচ্ছে এ উৎসব এখানেই দারুণ মানিয়েছে।”
বার্লিনের বাসিন্দা ৮১ বছর বয়সী ভোরোনিকা মনে করেন, “ইইউর ভালো দিক হলো, এটা সব দেশের সংস্কৃতিকেই নিজের মতো বিকশিত হতে দিচ্ছে। একইসঙ্গে এটাও নিশ্চিত করছে যে দুশ্চিন্তার কিছু নেই। আমরা একে অন্যের সঙ্গে মিলতে শিখেছি এবং আমি মনে করি এটা চলতে থাকা উচিৎ।”
ইউরোপীয় জনগণের এ মিলনমেলার মাঝেই রোববার ইইউ সভাপতি জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল ‘বার্লিন ঘোষণা’ উন্মুক্ত করছেন রোববার। সংস্থাটির বিগত দিনের কার্যক্রম, বর্তমান অগ্রগতি আর ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে এ ঘোষণাপত্রে।
