২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে সংহতি গড়ে তুলুন : আরব দেশগুলোর প্রতি রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন আরও বড় পরিসরে আরব ইসরায়েল--সংহতি গড়ে উঠলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। মধ্যপ্রাচ্য সফরে এসে যুক্তরাষ্ট্রের মিত্র চারটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে শনিবার তিনি একথা বলেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

রাইস বলেছেন, সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সংহতি গড়ে উঠতে পারে। মিশর, জর্ডান, সউদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবর দেশগুলোর শান্তি উদ্যোগ নতুন করে শুরু করার আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নতুন মার্কিন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়ে মিশরের রাজধানী কায়রোতে তিনি একথা বলেন।

২০০২ সালে শুরু করা আরব শান্তি উদ্যোগ নতুন করে শুরু করতে খুব শীগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়াদে। ওই শান্তি প্রস্তাবে বলা হয়েছিল ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েলের দখল করা আরব ভূমি সংশ্লিষ্ট দেশগুলোকে ফেরত দেওয়ার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে পারে আরব দেশগুলো।

এর আগে ইসরায়েল তা প্রত্যাখ্যান করলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে।

রাইস আরও বলেছেন যে, ইসরায়েল--ফিলিস্তিন শান্তিচুক্তির আগেই ইসরায়েলের সঙ্গে সংহতির লক্ষ্যে এগিয়ে আসতে পারে আরব দেশগুলো।

উল্লেখ্য যে, আরব শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হলে দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে আরব দেশগুলো।