পাকিস্তানে নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ
পাকিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সেদেশের সর্বোচ্চ আদালতের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক রানা ভগবানদাশ। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর শনিবার শপথ নিলেন তিনি।
তবে ভগবানদাশের শপথ অনুষ্ঠান বর্জন করেন বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, প্রধান বিচারপতি হিসেবে এখনও ইফতেখার চৌধুরীকেই মানেন তারা।
শপথ নেওয়ার পর ভগবানদাশ বলেন, “বিচারপতি ইফতেখার চৌধুরীর রিরুদ্ধে অভিযোগের বিষয়ে যে শুনানি চলছে তা প্রচলিত আইন ও সংবিধান অনুসরণ করেই চলবে। এতে বাইরে থেকে কোনো প্রভাব খাটানো হবে না।”
ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিচারে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের সমন্বয়ে যে প্যানেল গঠিত হয়েছে তার প্রধান হিসেবে রয়েছেন রানা ভগবানদাশ।
বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্তের সময় হিন্দু ধর্মাবলম্বী ভগবানদাশ ব্যক্তিগত সফরে ভারতে অবস্থান করছিলেন। গত বুধবার দেশে ফেরেন তিনি।
ইফতেখার চৌধুরীকে বরখাস্তের কারণ হিসেবে ‘ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ’কে উল্লেখ করা হলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনেনি সরকার। তবে পাকিস্তানের একটি পত্রিকা জানিয়েছে, নিজের ছেলের সরকারি চাকরি পাওয়ার ব্যাপারে প্রভাব খাটিয়েছিলেন ইফতেখার।
এদিকে ইফতেখার আশঙ্কা করছেন, গঠিত প্যানেলে ন্যায়বিচার পাবেন না তিনি। বিষয়টি ইতোমধ্যে প্রকাশ্যেও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রানা ভগবানদাশ বলেন, “তার অভিযোগটি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিচারাধীন বিষয় বলে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
আগামী ৩ এপ্রিল প্যানেলে ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে তৃতীয় দফা শুনানি শুরুর কথা রয়েছে।
