কিউবার মন্ত্রিসভায় আবারও রদবদল
কিউবার বিচারমন্ত্রী রবার্তো ডায়াজকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছে দেশটি। কিউবার টেলিভিশন শুক্রবার একথা জানিয়েছে।
ডায়াজকে সরিয়ে বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ - বিচারমন্ত্রী মারিয়া এসথার রিউসকে। রাষ্ট্র পরিচালনার জন্য দেশটির ‘সর্বোচ্চ নির্বাহী পরিষদের’ সিদ্ধান্তে এ রদবদল করা হয়। তবে এ পরিবর্তনের কারণ জানানো হয়নি।
প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তরের পর এ নিয়ে তৃতীয়বারের মতো রদবদল আনা হল দেশটির মন্ত্রিসভায়।
এর আগে গত জুলাইতে রাউল কাস্ত্রো কিউবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আগস্ট মাসে ‘কম্পিউটার ও যোগাযোগমন্ত্রী’ এবং অক্টোবরে দেশটির ‘পরিবহনমন্ত্রী’র পদে পরিবর্তন আনা হয়।
ফিদেল কাস্ত্রো এখনও দেশটির ‘কাউন্সিল অফ স্টেটস’ এবং ‘কাউন্সিল অফ মিনিস্টারস’ এর প্রেসিডেন্ট। রাউল দুটি পরিষদেরই ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
