২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব কংগ্রেসে পাশ, ভেটো দেওয়ার ঘোষণা বুশের

২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা ফিরিয়ে আনার জন্য একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। ডেমোক্রেটদের আনা ওই প্রস্তাবটি শুক্রবার পাশ হলেও সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে নিজের ভেটো ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বুশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 01:46 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেনটেটিভ- এ ২১৮- ২১২ ভোটে পাস হওয়া ওই প্রস্তাবে ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণের পাশাপাশি ওই সময় পর্যন্ত একটি জরুরি তহবিল অনুমোদন করা হয়। প্রায় ১২ হাজার ৪০০ কোটি ডলারের ওই তহবিলের বেশিরভাগই ব্যয় হবে ইরাক ও আফগানিস্তানের মার্কিন সেনাদের পেছনে।

কিন্তু প্রস্তাবটি পাস হলেও শেষ পর্যন্ত তা ধোপে টিকবে না। কারণ ‘প্রেসিডেন্সিয়াল ভেটো’- কে অগ্রাহ্য করতে হলে যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা দরকার তা অর্জনে ব্যর্থ হয়েছেন ডেমোক্রেটরা।

ইরাক যুদ্ধের সময়সীমা  নির্ধারণের বিষয়টি এখন নির্ধারিত হবে সিনেটে। যুদ্ধের ব্যয় নির্ধারণ নিয়ে আগামী সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হতে পারে সিনেটে।

সিনেটের ডেমোক্রেটরা একটু ভিন্ন রকম পরিকল্পনা করছেন সেনা প্রত্যাহার নিয়ে। তারা চাইছেন নতুন আইন পাস করার চার মাসের মধ্যেই সেনা ফিরিয়ে আনা শুরু করে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যেই শেষ করা হোক সেনা প্রত্যাহার। কিন্তু রিপাবলিকানরা শুরু থেকেই এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

এদিকে প্রস্তাবটি সম্পর্কে প্রতিনিধি সভার স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, “অন্তহীন একটা যুদ্ধকে আমেরিকার জনগণ সমর্থন করে না, তাই কংগ্রেসেরও তাকে সমর্থন করা উচিৎ নয়।”

ইরাক যুদ্ধকে একটা ‘অদ্ভুত ভুল’ হিসেবেও উল্লেখ করেন তিনি।