২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে চিয়াং কাই শেকের অবদান মুছে ফেলার অভিযোগ

সাবেক প্রেসিডেন্ট চিয়াং কাই শেকের নাম তাইওয়ান থেকে মুছে ফেলা হচ্ছে। এ অভিযোগ করেছেন কাই শেকের নাতি ও তাইওয়ানের বর্তমান সংসদ সদস্য জন চিয়াং।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 11:06 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ন্যাশনালিস্ট দলের নেতা জন চিয়াং মনে করেন, সমাজতান্ত্রিক চীনের থাবা থেকে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় তার দাদার অবদান অনস্বীকার্য।

তাইপেতে শুক্রবার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জন অভিযোগ করেন, তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট চেন শুই-বিয়ান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে চিয়াং কাই শেকের নাম ও মূর্তি অপসারণ করেছেন। এটাকে তার অবদান মুছে ফেলার অপচেষ্টা হিসেবেই দেখেন জন। তাই এর বিরোধিতায় প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন তিনি।

চিয়াং কাই শেক ছিলেন চীনের শাসনকর্তা। ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবে উৎখাত হওয়ার পর পালিয়ে চলে আসেন তাইওয়ানে। সেখানেই আবাস গাঁড়েন তিনি। ১৯৭৫ সালে তার মৃত্যু হয়।

তবে তাইওয়ানে তার ও ছেলে চিয়াং কিং কুর শাসনকালও ছিল বিরোধীদের জন্য বিভীষিকাময়। বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির অনেক নেতাকেই ওই সময় কারারুদ্ধ করা হয়েছিল।

অবশ্য চিয়াং চিং কুয়ের অবৈধ সন্তান জন চিয়াংয়ের কাছে তার দাদা একজন বড় মাপের মানুষ। জন বলেন, “হয়ত সব সময় তিনি সঠিক ছিলেন না। তবে তাইওয়ানের জনগণের জন্য অনেক কিছুই তিনি করেছেন।”

জন চিয়াং মূর্তি অপসারণের বিরুদ্ধে মামলা এবং আগামী ৩১ মার্চ গণসমাবেশের ঘোষণা দিয়েছেন।

১৯৪৭ সালের গণবিদ্রোহের সময় চিয়াং কাই শেকের ভূমিকাকেও সমর্থন করেন জন। বলেন, “তখন তাইওয়ান নৈরাজ্যবাদীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, তাই স্থিতিশীলতা রক্ষায় ঠিক কাজটিই করেছিলেন তিনি।”

তার মতে, ওই সময় হাজার হাজার লোক নিহত হওয়ার কথার কোনো সত্যতা নেই। এটা বিরোধীদের অপপ্রচার। বড়জোর ১০০০ জন নিহত হতে পারে বলে তার ধারণা।

যদিও বলা হয়, চিয়াং কাই শেকের দমন অভিযানে ৩০ হাজার লোক প্রাণ হারায়। আর চিয়াং কাই শেককে এক জন হত্যাকারী হিসেবেই মনে করেন বর্তমান রাষ্ট্রপতি । 

২০০০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার আগে ন্যাশনালিস্ট পার্টি ছিলো রাষ্ট্র ক্ষমতায়। ওই সময়ে তারা চিয়াং কাই শেকের অনেক মূর্তি নির্মাণ করে।