আত্মঘাতী হামলায় আহত ইরাকি উপপ্রধানমন্ত্রী
ইরাকি উপপ্রধানমন্ত্রী সালাম আল - জোবায়ের শুক্রবার এক আত্মঘাতী হামলায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি পাকস্থলী ও ঘাড়ে আঘাত পেয়েছেন বলে তার এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান।
জোবায়ের শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেলে ওই হামলার শিকার হন এবং তার শরীরে বোমার সার্পনেল প্রবেশ করে। তবে তার আঘাত কতোটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরাকে মার্কিন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টোফার গার্ভার এর আগে জোবায়েরকে হাসপাতালে নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি তার অবস্থা সম্পর্কে কিছু জানাননি।
ওই হামলায় তার দুই দেহরক্ষী নিহত হন। আহতদের মধ্যে তার এক ভাই রয়েছেন। ইরাক সরকারের উচ্চপর্যায়ের কোনো সদস্যের ওপর এক মাসে এটা দ্বিতীয় দফা হামলা।
পুলিশ সূত্র জানায়, জোবায়ের দুটি সমন্বিত হামলার স্বীকার হন। প্রথম হামলায় তার বাড়ির কাছে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয় এবং একই সময় মসজিদে তিনি নামাজ পড়ার সময় আত্মঘাতী হামলা হয়।
একটি সূত্র জানায়, ওই হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হন। আরেকটি সূত্র জানায়, হামলায় পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জোবায়েরের এক উপদেষ্টা মুফিদ আব্দেল জাহরা।
