বিচারপতি বরখাস্তের ঘটনা রাজনীতিতে টেনে আনবেন না: মুশাররফ
বিচারপতি বরখাস্তের ঘটনায় সমালোচনার মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তাতে কোনো প্রভাব খাটানো হবে না। তিনি এ ঘটনা রাজনীতিতে টেনে না আনার আহ্বান জানান।
সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন পাকিস্তানি প্রেসিডেন্ট। শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন পারভেজ মুশাররফ।
প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী বরখাস্তের প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি বিচার বিভাগের অন্তর্ভুক্ত এবং আইন তার আপন গতিতেই চলবে।”
সংবিধান ও প্রচলিত আইনের আওতায় ওই সঙ্কটের সমাধান হবে বলে আশাবাদ প্রকাশ করেন জেনারেল মুশাররফ। তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক কিংবা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়। সুতরাং এটাকে রাজনীতিতে টেনে আনা উচিত হবে না।”
সঙ্কট নিরসনে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি বিক্ষুব্ধ আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
পাকিস্তান দিবসের ভাষণে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পারভেজ মুশাররফ বলেন, “দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এমনভাবে কাজ করতে হবে, যাতে একটি সমৃদ্ধশালী, আধুনিক রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে গড়ে তোলা যায়।
এদিকে বরখাস্ত বিচারপতি ইফতেখার চৌধুরী কার্যত গৃহবন্দি রয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, “এটা বিচার বিভাগের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত।”
ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সে অভিযোগ অস্বীকার করেছেন।
